‘বরিশালে হাইটেক পার্ক করার প্রস্তুতি চলছে’ নিজস্ব প্রতিবেদক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান বলেছেন, ‘বরিশালে হাইটেক পার্ক করার প্রস্তুতি চলছে। যার মাধ্যমে আইটি সেক্টরের উন্নয়ন করা হবে। আর এর সহায়ক হিসেবে প্রতিটি উপজেলায় ই-কমার্স ট্রেনিং সেন্টার করা হবে। যুব সমাজকে আইটি সেক্টরে ভুমিকা রাখতে হবে।’
বৃহস্পতিবার বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে শুরু হওয়া তিন দিনব্যাপী বিভাগীয় ই-বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের একটি অন্যতম বিভাগীয় শহর বরিশালে ই-বাণিজ্যের প্রসার ঘটলে এই সেক্টরটি অনেকাংশে এগিয়ে যাবে। এখান থেকে দর্শনার্থীরা ই-বাণিজ্য কি, কিভাবে ঘরে বসেই নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করা যায় সেটি জানতে পারবেন। এছাড়া ঘরে বসেই ব্যাংকগুলোর লেনদেন সম্পন্ন করার বিষয়টি জানানোর জন্য এবারের মেলায় অনেকগুলো ব্যাংক অংশগ্রহণ করেছে।’
সচিব মোঃ নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে নাগরিকদের সকল প্রকার সেবা ও সুবিধা পৌঁছে দেয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তারই ধারাবাহিকতায় আজকের এই ই-বানিজ্য মেলার আয়োজন। এর মাধ্যমে ক্রেতা ঘরে বসে কিভাবে পণ্য ক্রয় করতে পারবেন সে ধারণা দেয়া হবে। ই-প্রযুক্তি ব্যবহারের মধ্যদিয়ে আমরা সময় ও অর্থ দুটি ক্ষেত্রেই সাশ্রয়ী হতে পারবো।’
বিভাগীয় কমিশনার মোঃ গাউসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী, জি.ফখরুদ্দিন আহম্মেদ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রনয় কান্তি বিশ্বাস, জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম, বি.এম কলেজ অধ্যক্ষ ফজলুল হক, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মনোয়ার রহমান হারুন, ফায়ারফ্লাই এর ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান প্রমুখ।
এই মেলায় দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ৩০টির অধিক ই-সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ফায়ারফ্লাই এ মেলায় অনলাইনে পণ্য বিক্রয়ের ধারণা প্রদান করেন। ফায়ারফ্লাই প্রতিষ্ঠানের পণ্য অনলাইনে ক্রয় করা যায়। এছাড়াও জাতীয় মহিলা সংস্থা, রূপালি ব্যাঙ্ক, সোনালী ব্যাংক লিঃ, বাংলাদেশ টেলি-কমিউনিকেশন লিঃ মেলায় নিজস্ব স্টলে তাদের ই-কমার্স সেবাগুলোর সাথে মেলায় আগত দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |