বাংলাদেশে সাইবার হামলার শঙ্কা অনলাইন ডেস্ক
একযোগে বিশ্বের অন্তত ৭৪ দেশে সাইবার হামলা হলেও এখনও পর্যন্ত বাংলাদেশে কোনও কম্পিউটার আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে হামলার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, ‘যাদের কম্পিউটারে ডাটা ভালনারেবল অবস্থায় আছে তারা যেন অতিদ্রুত সব ব্যাকআপ নিয়ে নেয়। তা না হলে কম্পিউটার লক হয়ে গেলে ডাটা উদ্ধার করা কঠিন হবে।’
এ সময় তিনি কম্পিউটার ব্যবহারকারীদের আনঅথরাইজড কোনও কিছু ব্রাউজ না করার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, সাইবার হামলায় আক্রান্ত দেশগুলোর পুরো তালিকা প্রকাশিত হয়নি। তবে নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইটগুলোয় প্রকাশিত যে ম্যাপ দেখাচ্ছে, সেখানে বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টিও দেখা যাচ্ছে। আজ ও আগামীকাল বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা যাবে।
তবে শুক্রবার এই সাইবার হামলা হওয়ায় আমরা অনেকটাই বেঁচে গেছি। শুক্রবার আমাদের দেশে ছুটি হওয়ায় বেশির ভাগ অফিস বা কম্পিউটার সিস্টেম বন্ধ থাকে। তবে উইন্ডোজচালিত পিসি সিস্টেম যাঁদের চালু ছিল, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
সুমন আহমেদ আরো বলেন, র্যানসমওয়্যারের এ ধরনের আক্রমণ হলে সবাই অভ্যন্তরীণভাবে তা সমাধানের চেষ্টা করেন। অনেকে স্বীকার করতে চান না। জানাজানি হলে সুনাম নষ্ট হবে বলে অনেকে ভয়ে থাকেন। গতকাল শুক্রবার থাকায় অনেকে হয়তো বিষয়টি টের পাননি। তবে যদি বড় ধরনের কোনো আক্রমণের ঘটনা ঘটে থাকে আজ-কালের মধ্যে বের হবে।
প্রসঙ্গত, শুক্রবার প্রথম যুক্তরাজ্যের হাসপাতালগুলো এবং পরে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেনসহ অন্তত ৭৪টি দেশে সাইবার হামলা চালানোর খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড।
এই র্যানসমওয়্যার ভাইরাসের আক্রমণে কম্পিউটার লক হয়ে যায় এবং মনিটরে একটি বার্তা ভেসে উঠে। এতে কম্পিউটার চালানোর জন্য অনলাইন মুদ্রা ব্যবস্থা বিটকয়েনে মুক্তিপণ পরিশোধ করার কথা উল্লেখ থাকে।
সূত্র: বাংলা ট্রিবিউন, প্রথম আলো
আরো পড়ুন…
৭৪ দেশে একযোগে সাইবার হামলা
|