বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবি বামনা প্রতিবেদক
বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া শোভনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে অপসারণ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মার্চ) সকালে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির দুলালের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সগির, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, বামনা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গাজী আবুল কালাম, জাতীয় পার্টির সভাপতি মো. ফারুক আহমেদ আকন ও সাংবাদিক মতিন আকনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় বক্তারা বলেন, বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া শোভনের দুর্নীতি চরম মাত্রায় পৌঁছেছে। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |