| বরগুনায় ইটভাটা থেকে নারী-শিশুসহ ২৬ বন্দী শ্রমিক উদ্ধার, গ্রেপ্তার ৩
 বরগুনার সিবিসি ইটভাটায় এসকল শ্রমিককে বন্দী করে জোরপূর্বক কাজ করানো হতো (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
বরগুনা, ২১ মার্চ (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বামনায় একটি ইটভাটা থেকে বন্দী অবস্থায় নারী-শিশুসহ ২৬ জন শ্রমিককে উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। এসময় তাদেরকে আটকিয়ে রাখার অভিযোগে ইটভাটার ব্যবস্থাপক ইউনুস আলী খান ও দুই সহযোগী মনসুর আলী মৃধা ও মোশারেফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ মার্চ মঙ্গলবার রাতে বামনা থানা পুলিশ চলাভাঙ্গা গ্রামের সিবিসি ইটভাটায় অভিযান চালিয়ে শ্রমিকদের উদ্ধার করে।
উদ্ধারকৃত শ্রমিকরা হচ্ছে- রোজিনা আক্তার (২২), আখি বেগম (৫), আমিনুল ইসলাম (১০), আসাদুল হক (১১), শাহানুজ্জামান (১২), আকরাম হোসেন (১১), আলমগীর হোসেন (১২), শাহিন (১৩), ফারুক হোসেন (১৫), আইউব আলী (২৭), আসুরা বিবি (৪৫), গোলাম হোসেন গাজী (৬০), আবদুল জলিল (৪০), হারুন অর রশিদ (১৮), আপাং (৩৫), শামসুল হক (৪০), ইউনুস গাজী (৪২), আবুল হাসান (২০), আবু হানিফ (২৩), মামুন (১৮), রেজাউল করিম (৪৫), বাবু (১৫), শহিদুল ইসলাম (১৬), হান্নান (২০), ইউনুস আলী (২২) ও সলেমান (৩২)।
উদ্ধারকৃত শ্রমিকরা জানান, সাতক্ষীরার রফিকুল ইসলামের মাধ্যমে তারা চলাভাঙ্গা ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন। প্রথম দিকে তারা নিয়মিত বেতন ভাতা পেলেও পহেলা মার্চ রফিকুল ইসলাম সাতক্ষীরা চলে যান। তারপর থেকে তাদের আর কোন বেতন ভাতা দেয়া হচ্ছেনা। এমনকি তাদের খাবারও দেয়া হচ্ছিলনা। দিনের বেলায় কাজ করিয়ে রাতে তাদের ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখা হতো।
বামনা থানার অফিসার ইন চার্জ (ওসি) আজম খান ফারুকী আমাদের বরিশাল ডটকমকে জানান, রাত এগারোটার দিকে তারা তালা ভেঙ্গে শ্রমিকদের উদ্ধার করেছেন।
এ ঘটনায় উদ্ধারকৃত শ্রমিক আবদুল জলিল বাদী হয়ে ইটভাটার মালিক মঞ্জুরুল আহসান মঞ্জু ও কামরুল আহসান বাবুলসহ ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামীরা হচ্ছে- ইটভাটার ব্যবস্থাপক ইউনুস আলী খান, মনসুর আলী মৃধা, মোশারেফ হোসেন, আলী হোসেন, সেলিম, ইলিয়াস, মাইনুল হোসেন, কবির সিকদার ও সগির হোসেন।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |