Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্ন্দিগঞ্জে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু
২৪ June ২০২৬ Wednesday ৭:৫৭:১৭ PM
মেহেন্ন্দিগঞ্জে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু
“ঘটনাটি সম্পূর্ণ জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। এখন এটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ‘জমি নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের হামলায় এক যুবকের প্রাণ গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মোমিনউদ্দিন জানিয়েছেন।
নিহত ২৮ বছর বয়সী মাহবুব হোসেন বাবু মেহেন্দিগঞ্জের পশ্চিম সাদেকপুর গ্রামের বাসিন্দা দুলাল রাঢ়ীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
ওসি মোমিনউদ্দিন বলছেন, “জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে চুনারচর এলাকার একটি চায়ের দোকানে বাবুকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।
“সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
ওসি বলেন, “হত্যার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে কারা তাকে মারধর করেছে তা জানতে পারব।”
এদিকে স্থানীয় এক ছাত্রলীগের নেতা দাবি করেন, নিহত বাবু ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতেন।
তার অভিযোগ, এ কারণেই পশ্চিম সাদেকপুর গ্রামের বিএনপি কর্মী বজলু বয়াতি, জাহাঙ্গীর মাল, শহীদ পোজসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজন চুনারচর এলাকার আখতার পোজদারের চায়ের দোকানের সামনে বাবুকে লাঠিপেটা করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে নিহতের ভাই নীরব রাঢ়ির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন তার বোন পরিচয় দেওয়া এক নারী। তবে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন জমাদ্দার বলেন, “পারিবারিক জমি বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই।”
এ বিষয়ে ওসি মোমিনউদ্দিন বলেন, “ঘটনাটি সম্পূর্ণ জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। এখন এটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প