Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা
২২ November ২০২৬ Sunday ৭:০৫:৪৬ PM
বাউফলে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন হাটবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মিষ্টি, নাশতাসহ নানা ধরনের খাবার। খোলা জায়গায় খাবার সাজিয়ে রাখা হচ্ছে, সেগুলোর ওপর বসছে মাছি ও মশা। খাবার সংরক্ষণ ও বিক্রিতে স্বাস্থ্যবিধি মানারও বালাই নেই। এসব খাবার প্রতিদিন কিনে খাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে খাদ্যবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন ভোক্তারা।
রোববার (২২ নভেম্বর) উপজেলার কালাইয়া বন্দরের বাজার রোড এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে মিষ্টির দোকান, খাবারের হোটেলসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের দোকান। এসব দোকানে খোলা অবস্থায় সাজিয়ে রাখা হয়েছে নানা রকমের খাবার। সেগুলো ঢেকে রাখার কোনো ব্যবস্থা নেই। ফলে খাবারের ওপর অনায়াসে বসছে মশা-মাছি। খাবার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও দোকানিদের উদাসীনতা দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এসব দোকান থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা খাবার কিনে থাকেন। অনেকেই কর্মব্যস্ততার কারণে এসব হোটেলে খাবার খান। কিন্তু খাবারের মান ও পরিবেশ নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে। সচেতন মহলের আশঙ্কা, এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি অব্যাহত থাকলে ভোক্তারা ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন খাদ্যবাহিত রোগে আক্রান্ত হতে পারেন।
স্থানীয়দের অভিযোগ, খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন। কিন্তু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের কার্যকর নজরদারি না থাকায় অনেক ব্যবসায়ী স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার বিক্রি করছেন। এতে সাধারণ ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে বাউফল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হবে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, স্যানিটারি ইন্সপেক্টর বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী