Current Bangladesh Time
Monday November ২৩, ২০২৬ ৫:২৮ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » বরিশাল » রাজনৈতিক বিতর্কে ফরচুন মিজান, বরিশালের ক্রিকেটে তাঁর বিকল্প কে?
২৩ November ২০২৬ Monday ৩:৩৮:৪৫ PM
Print this E-mail this

রাজনৈতিক বিতর্কে ফরচুন মিজান, বরিশালের ক্রিকেটে তাঁর বিকল্প কে?


অনলাইন নিউজ ডেস্ক:

বরিশালের ক্রিকেটে বড় পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ফরচুন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. মিজানুর রহমান ওরফে ফরচুন মিজান এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। আওয়ামী লীগের সঙ্গে তাঁর অতীত রাজনৈতিক সম্পৃক্ততা, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা একটি মন্তব্যের ব্যাখ্যা এবং বিসিবিতে তাঁর অবস্থান—সব মিলিয়ে তাঁকে ঘিরে বরিশালের রাজনীতি ও ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। তাঁকে বিসিবি থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মাঠে নেমেছে বিএনপির একটি অংশ। তবে প্রশ্ন উঠেছে, মিজানকে সরিয়ে দিলে বরিশালের ক্রিকেটের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেবে কে?

মিজানের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনায় উঠে আসছে আওয়ামী লীগ সরকারের সময়কার নানা ঘটনা, তিনি বরিশাল জেলা সৈনিক লীগের সভাপতি ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আওয়ামী লীগের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার পেছনে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যবসায়িক বাস্তবতাও কাজ করেছে। বিশেষ করে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে বিরোধের কারণে স্থানীয় রাজনীতিতে চাপের মুখে থাকা এবং ফরচুন গ্রুপের ব্যবসা ও কর্মসংস্থান টিকিয়ে রাখার বিষয়টি তাঁর রাজনৈতিক অবস্থান নেওয়ার ক্ষেত্রে বিবেচনায় ছিল।

২০২১ সালের জানুয়ারিতে ফরচুন সু কোম্পানি ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের বিরোধের জেরে বরিশালে বাস ও লঞ্চ চলাচল বন্ধের ঘটনাও ঘটে। পরে সাদিক আব্দুল্লাহর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে মামলাও হয়েছিল। ফলে আওয়ামী লীগ আমলে স্থানীয় ক্ষমতাকেন্দ্রের সঙ্গে তাঁর সম্পর্ক সব সময় মসৃণ ছিল—এমনটি বলা যায় না।

ফরচুন গ্রুপের কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বপূর্ণ, এই প্রতিষ্ঠানটির কারখানায় সাড়ে সাত হাজার শ্রমিকের কাজ করছেন। ফলে প্রতিষ্ঠানটির ব্যবসা ও উৎপাদন কার্যক্রমের সঙ্গে কয়েক হাজার মানুষের জীবিকা জড়িত। মিজানের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্কের পাশাপাশি এই কর্মসংস্থানের বিষয়টিও স্থানীয় আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

মিজানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের নতুন সূত্রপাত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগ থেকে। গত ১৩ নভেম্বর ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে সাংবাদিকদের সামনে হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যের প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজমুল হুদাসহ কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, মিজান ওই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন।  

তবে মিজানের বক্তব্য ভিন্ন। তাঁর ভাষ্য, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর মতো একজন ক্ষুদ্র মানুষের এ ধরনের মন্তব্য করা বেমানান। তিনি ইতিবাচক অর্থে কথাটি বলেছিলেন; কিন্তু বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ, তাঁর দাবি—মন্তব্যের প্রকৃত প্রেক্ষাপট বাদ দিয়ে সেটিকে রাজনৈতিকভাবে ভিন্ন অর্থ দেওয়া হয়েছে।

এই বক্তব্যকে কেন্দ্র করেই বরিশাল বিএনপির একটি অংশ প্রতিবাদে মাঠে নামে। ১৩ নভেম্বর রাতে স্টেডিয়ামের সামনে তাঁর ব্যানার ছিঁড়ে আগুন দেওয়া হয় এবং তাঁকে স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণার দাবি ওঠে। পরে ১৫ ও ১৬ নভেম্বরও তাঁর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি হয়। রোববার (২২ নভেম্বর) রাতে নগরীতে মশালমিছিল ও সমাবেশ থেকে তাঁকে বিসিবির পরিচালক পদ থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। সমাবেশে তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়নের অভিযোগও তোলা হয়।  তবে মিজানের দাবি, তিনি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না, বরং  স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎপাত থেকে বাঁচতে এবং রপ্তানীমুখী ব্যবসা টিকিয়ে রাখতে রাজনৈতিক পরিচয় বহন করতে বাধ্য হয়েছেন।

জানা গেছে, ২০২৬ সালের ৭ জুন বিসিবি নির্বাচনে বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন মিজানুর রহমান। একই নির্বাচনের পর তামিম ইকবাল বিসিবি সভাপতি হন। ফরচুন বরিশালের মালিক হিসেবে মিজানের সঙ্গে তামিমের পেশাগত সম্পর্ক রয়েছে। বিপিএলে তামিমের নেতৃত্বেই ফরচুন বরিশাল শিরোপা জিতেছিল। এই সম্পর্কের কারণে মিজান বিসিবিতে গুরুত্বপূর্ণ অবস্থান পেয়েছেন—এমন আলোচনা চলমান আছে।

মিজানের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন থাকলেও বরিশালের ক্রিকেটে তাঁর পৃষ্ঠপোষকতার ভূমিকা আলোচনার বাইরে নয়। তাঁর মালিকানাধীন ফরচুন বরিশাল বিপিএলে শিরোপা জিতে জাতীয় পর্যায়ে বরিশালের ক্রিকেটকে নতুন পরিচিতি দিয়েছে। স্থানীয় ক্রিকেটের আয়োজন ও পৃষ্ঠপোষকতার ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। ফলে তাঁকে ঘিরে চলমান রাজনৈতিক বিতর্কের প্রভাব বরিশালের ক্রিকেটে কীভাবে পড়বে, তা নিয়ে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এই বিতর্কের মধ্যেই আগামী ১৫ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অ্যাকমি ও ফরচুনের ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ডি-থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্ব। বিসিবির সূচি অনুযায়ী, টুর্নামেন্টে করপোরেট প্রতিষ্ঠানের দলগুলো অংশ নিচ্ছে। আয়োজনের প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রমে মিজান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি। ফলে তাঁকে ঘিরে রাজনৈতিক বিরোধের প্রভাব টুর্নামেন্টের পরিবেশ বা আয়োজনেও পড়ে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

মিজানকে ঘিরে বরিশাল বিএনপির মধ্যেও ভিন্নমত রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা আছে। একটি অংশ তাঁর রাজনৈতিক অতীত সামনে এনে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুলছে। বিপরিতে ব্যবসায়ী ও ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে তাঁর ভূমিকা বিবেচনায় নেওয়ার পক্ষেও মত রয়েছে বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির জাতীয় নেতৃত্ব কিংবা বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট অবস্থান সামনে আসেনি।

সব মিলিয়ে ফরচুন মিজানকে ঘিরে বিতর্ক কেবল একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা বিসিবির পদে থাকা-না-থাকার প্রশ্নে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে বরিশালের ক্রিকেটের পৃষ্ঠপোষকতা, নতুন টুর্নামেন্ট আয়োজন, শিল্পপ্রতিষ্ঠানের কর্মসংস্থান এবং ভবিষ্যৎ বিনিয়োগের বিষয়ও। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত যেমন প্রয়োজন, তেমনি বরিশালের ক্রিকেটের ধারাবাহিকতা রক্ষায় বিকল্প পৃষ্ঠপোষকতার বিষয়টিও ভাবতে হবে। রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি যেভাবেই হোক, তার প্রভাব যেন বরিশালের ক্রিকেটের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে—এটাই এখন ক্রীড়াঙ্গনের বড় প্রত্যাশা মনে করছেন এই অঞ্চলের ক্রীড়ামোদিরা।’

সূত্র:বরিশাল টাইমস।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রাজনৈতিক বিতর্কে ফরচুন মিজান, বরিশালের ক্রিকেটে তাঁর বিকল্প কে?
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com