শীতের মৌসুমে পটুয়াখালীর বাউফলের নদী ও চরাঞ্চলে আসছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। এসব পাখি শিকারে সক্রিয় হয়ে উঠেছেন একশ্রেণির শিকারি। রাতের আঁধারে নৌকা নিয়ে তারা চলে যান দুর্গম চরাঞ্চলে। সেখানে পেতে রাখেন বিভিন্ন ধরনের ফাঁদ। ফাঁদে পাখি আটকা পড়লে ভোরে সেগুলো নিয়ে আসেন নদীর তীরে। এরপর শুরু হয় বেচাকেনার প্রক্রিয়া। শিকারিদের সঙ্গে আগে থেকেই চুক্তি থাকে নদীর পাড়ের স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির। তারাই মোবাইল ফোনে ক্রেতাদের কাছ থেকে পাখির অর্ডার নেন। পরে স্থানীয় পরিবহনের মাধ্যমে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় পাখি। লেনদেনের টাকা পরিশোধ করা হয় সাধারণত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। স্থানীয় সূত্র ও শিকারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া, কারখানা, ও লোহালিয়া নদীর চরাঞ্চলসহ পাশ^র্বতী বিভিন্ন উপজেলার বিল ও জলাভ‚মিতে শীত মৌসুমে অতিথি পাখির আনাগোনা বাড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে পেশাদার শিকারিরা রাতের আঁধারে নৌকা নিয়ে এসব এলাকায় যান। এরা বিভিন্ন ধরনের ফাঁদ ও জাল পাতেন তারা। কোথাও পাখির ডাক নকল করে, কোথাও বিশেষ কৌশলে পাখিদের ফাঁদে আকৃষ্ট করা হয়। ভোর হওয়ার আগেই অনেক পাখি আটকা পড়ে এসব ফাঁদে। অনুসন্ধানে জানা গেছে, পাখি শিকার থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত কয়েকটি ধাপে কাজ চলে। শিকারিরা সরাসরি ক্রেতার কাছে পাখি বিক্রি করেন না। নদীর পাড়ের স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করেন। শিকারিদের সঙ্গে তাদের আগে থেকেই যোগাযোগ ও চুক্তি থাকে। এসব ব্যক্তি মোবাইল ফোনে ক্রেতাদের কাছ থেকে অর্ডার নেন। চাহিদা অনুযায়ী পাখি সংগ্রহ করে স্থানীয় পরিবহনের মাধ্যমে ক্রেতার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পাখি পৌঁছানোর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দাম পরিশোধ করেন ক্রেতারা। এতে শিকারি ও ক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ ছাড়াই চলছে পাখির বেচাকেনা। খোঁজ নিয়ে জানা গেছে, পাখির দামও বেড়েছে। গত বছর এক জোড়া বালিহাঁস বিক্রি হতো ৬০০ টাকায়। এ বছর জোড়া বালিহাঁস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এছাড়াও ছোট একটি চক্কা পাখি গত বছর বিক্রি হতো ৬০ টাকা এ বছর বিক্রি হচ্ছে কমপক্ষে ১০০ টাকায়। নাম প্রকাশ না করার শর্তে এক শিকারি জানান, শুধু বাউফলের চরাঞ্চলেই প্রতিদিন শিকারিদের জালে কমপক্ষে ১৫০ থেকে ২০০টি পাখি আটকা পড়ে। বালিহাঁস ছাড়াও চক্কা, লাল ঠোঁটি, ঠেঙ্গা, জলডুবা, সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার হচ্ছে। তার দাবি, আগের তুলনায় পাখির আনাগোনা কমেছে। প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং ‘সেইভ দ্য বার্ড অ্যান্ড বি’ প্রতিষ্ঠানের পরিচালক এম এ বাসার বলেন, শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি শীতপ্রধান অঞ্চল থেকে বাংলাদেশের নদী, চর ও জলাভ‚মিতে আসে। এসব পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিজমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। কিন্তু নির্বিচারে শিকার ও বাণিজ্যিকভাবে বিক্রির কারণে তাদের নিরাপদ বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। জলাভ‚মিতে পাখির নিরাপদ আশ্রয়ও হুমকির মুখে পড়ছে। প্রতি বছরই অতিথি পাখি নির্বিচারে নিধন হচ্ছে। আমরা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার-প্রচারণা চালাচ্ছি, যাতে শিকারিরা নিরুৎসাহিত হন। তিনি বলেন, পাখি শিকার বন্ধ করতে হলে শিকারিদের পাশাপাশি ক্রেতা ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভ‚মিকা রয়েছে। এসব পাখি ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। তাই তাদের নিরাপদে বিচরণ করতে দেওয়া উচিত। উপজেলা বন কর্মকর্তা মো. বদিউজ্জামান খান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, অনুমতি ছাড়া বন্য পাখি শিকার, ধরা, কেনাবেচা ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ‘এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব