Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ১১ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা
২২ October ২০২৫ Wednesday ৭:৩৮:০৯ PM
বরিশালে ১১ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা
নগর প্রতিনিধি:
বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গঠনসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে ঘণ্টাব্যাপী আলেকান্দা সড়ক অবরোধ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই’, ‘ভবন সংস্কার করো’, ‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দিতে মিছিল করেন।
শিক্ষার্থীদের উত্থাপিত ১১ দফা দাবিগুলো হলো:
১. শিক্ষক সংকট দ্রুত দূর করা। ২. বিদ্যমান আইসিটি ল্যাব সংস্কার ও আধুনিকীকরণ। ৩. কলেজ মাঠ সংস্কার ও শিক্ষার্থী-বান্ধবভাবে ব্যবহারযোগ্য করা। ৪. শ্রেণিকক্ষ সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ। ৫. মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা। ৬. অপ্রয়োজনীয় ভবন ভেঙে ফুলের বাগানসহ পরিবেশবান্ধব প্রকল্প তৈরি। ৭. পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ সৃষ্টি। ৮. বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) সংস্কার ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। ৯. সহপাঠ কার্যক্রম জোরদারে কার্যকর উদ্যোগ গ্রহণ। ১০. ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা। ১১. ছাত্রাবাস নির্মাণ।
আন্দোলনের অন্যতম সংগঠক তৌহিদুল ইসলাম রোহান বলেন, পাকিস্তান আমলের পুরোনো পলিটেকনিক ভবনের নাম পরিবর্তন করে প্রথমে বরিশাল কমার্শিয়াল কলেজ করা হয়। পরে ২০১৬ সালে এটিকে আলেকান্দা সরকারি কলেজ হিসেবে ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ২০২৩ সালে ভবনের সিলিং ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত হন, এরপর জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কোনো সংস্কার হয়নি।
তিনি আরও বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি পালন করবো।
অন্য শিক্ষার্থীরাও জানান, এই আন্দোলন শুধু আমাদের জন্য নয়, ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্যও। এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা চাই একটি শিক্ষাবান্ধব পরিবেশ, যেখানে উন্নত শিক্ষা নিশ্চিত হবে।
তারা আরও জানান, দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বিস্তৃত হবে এবং প্রশাসনকে দায় নিতে হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা