Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৮:৪২ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় নুর-মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী অফিস ভাঙচুর
২৭ January ২০২৬ Tuesday ১:১৯:২৭ PM
Print this E-mail this

দশমিনায় নুর-মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী অফিস ভাঙচুর


গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা ও দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজারে মিছিল করার জন্য বিএনপি-সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরের ট্রাক প্রতীকের পক্ষের কর্মী-সমর্থকেরা এবং কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত সদস্য হাসান মামুনের ঘোড়া প্রতীকের পক্ষের কর্মী-সমর্থকেরা অবস্থান নেন। পরে মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তারা একে অপরের নির্বাচনী অফিস ভাঙচুর করে।

সংঘর্ষে দশমিনা ছাত্র অধিকার পরিষদ দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, চরবোরহান ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল, ইউনিয়ন গণঅধিকার পরিষদের কর্মী মুসা ঢালি, বেল্লাল আহত হন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিব হোসেন, সমর্থক রিফাত ও রফিক আহত হন।

সংঘর্ষের ঘটনায় দশমিনার চরবোরহান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুর্গম এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রম না থাকায় পরে দুই পক্ষের মধ্যে আরও সংঘর্ষ হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।

জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, ‘আমি নির্বাচনের গণসংযোগে আছি। দশমিনা থানায় জানিয়েছি, দেখি তাঁরা কী করেন। আমি জনতার প্রার্থী। আমার গণজোয়ার দেখে গণঅধিকার পরিষদের সমর্থক, নেতা-কর্মী ও বিএনপির কিছু টাকায় বিক্রি হওয়া লোক এসব ঘটনা ঘটাচ্ছে। এই দুর্বৃত্তদের জনগণ মোকাবিলা করবে। জনগণ আমার সঙ্গে আছে। সকল অশুভশক্তি মোকাবিলা করব।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এটা হাসান মামুনের সাজানো নাটক। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, দল থেকে বহিষ্কার হয়ে হাসান মামুন নির্বাচন করছেন। হাসান মামুনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই বাজারে আমাদের নেতা-কর্মীদের ধাওয়া করেছে।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com