Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপার আন্তঃজেলা সড়ক বিলুপ্তির পথে, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
৬ June ২০২৬ Saturday ৯:০৭:২৬ PM
গলাচিপার আন্তঃজেলা সড়ক বিলুপ্তির পথে, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুরুত্বপূর্ণ আন্তঃজেলা সড়কটি নদীভাঙনের কারণে বিলুপ্তির পথে। রামনাবাদ নদীর অব্যাহত ভাঙনে সড়কটির বিভিন্ন অংশ নদীগর্ভে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও পরিকল্পিত নদীশাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে পরিকল্পিত নদীশাসন ও কার্যকর বেড়িবাঁধের অভাবে প্রতি বর্ষা মৌসুমে রামনাবাদ নদীর তীব্র স্রোতে ডাকুয়া এলাকার নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করে। এরই মধ্যে শত শত বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছর নতুন নতুন এলাকা ঝুঁকির মধ্যে পড়ছে। আন্তঃজেলা সড়কটির আরও অংশ ভেঙে গেলে গলাচিপার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, চিকনিকান্দী, কলাগাছিয়া ও বকুলবাড়িয়া ইউনিয়ন হয়ে এ সড়কটি দশমিনা উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন এবং ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সড়কটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সড়কটি ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষের দুর্ভোগ যেমন বাড়বে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডও ব্যাহত হবে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘমেয়াদি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং সুপরিকল্পিত নদীশাসনের মাধ্যমে নদীভাঙন রোধে সরকার জরুরি পদক্ষেপ নেবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)