বরিশালসহ সারা দেশে অতিরিক্ত লোডশেডিং বন্ধ, জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানো এবং ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে হারিকেন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর।
শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৫টায় নগরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সংগঠনটির উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনীকুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলে হারিকেন হাতে নেতা-কর্মীরা ‘আহা আহা তারেক ভাই, খাম্বা আছে কারেন্ট নাই’, ‘আহা আহা তারেক ভাই, চুলা আছে গ্যাস নাই’ এবং ‘তেলের দাম কমিয়ে দাও, নাইলে গদি ছেড়ে দাও’ এমন বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হলেও বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের সংকট কাটেনি। নিত্যপণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।’
বক্তারা অভিযোগ করেন, দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা লোডশেডিং থাকলেও আগের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। আগে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সময় একটি সাধারণ পরিবারের মাসিক বিদ্যুৎ বিল ৫০০ থেকে ৬০০ টাকা এলেও এখন দিনে কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকার পরও দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বিল আসছে। তারা এ ধরনের ‘ভুতুড়ে বিল’ বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ‘সরকারপ্রধান লন্ডন থেকে দেশে ফেরার সময় বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই পরিকল্পনা কী এ প্রশ্ন তুলে তারা বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো ছাড়া সরকারের কোনো কার্যকর পরিকল্পনার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা না করে জ্বালানি তেল আমদানির দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এটাই বর্তমান প্রধানমন্ত্রীর ঘোষিত পরিকল্পনা বলে তারা মন্তব্য করেন।’
জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহফুজুর রহমান ইমরান, যুগ্ম আহ্বায়ক খালেদা তামান্না, ইয়াসিন আরাফাত, তানজিলা বৈশাখী, সদস্যসচিব রাকিবুল ইসলাম শিহাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রবিউল খান, যুগ্ম আহ্বায়ক আল মাহদি তালুকদার, ইমতিয়াজ আহমেদ ও মুখ্য সংগঠক আইউব নবী।
এর আগে জুমার নামাজের পর নগরের হেমায়েত উদ্দিন সড়কে কেন্দ্রীয় কসাই মসজিদের সামনে থেকে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা কমিটির উদ্যোগে আরেকটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে অশ্বিনীকুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা কমিটির আহ্বায়ক মো. আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা কমিটির আহ্বায়ক কাজী আবু যায়েদ, সদস্যসচিব আসিফ হাসান শান্ত ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান