Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত
১১ September ২০২৬ Friday ৪:৪৭:৪২ PM
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আড়াইটা ও সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কটকস্থল ও দক্ষিণ বিজয়পুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে মেহেদী হাসান তুরাগ (৩০) এবং গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে আরাফাত রহমান বাবু (৩২)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, রাত আড়াইটার দিকে মহাসড়কের কটকস্থল এলাকায় ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে বরিশালগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মেহেদী হাসান তুরাগ ও এক আরোহী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেহেদী হাসান তুরাগকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গৌরনদী হাইওয়ে থানার এএসআই শাহিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহন দক্ষিণ বিজয়পুর এলাকায় স্পিডব্রেকার অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আরাফাত রহমান বাবু ও আরোহী আসাদুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাতের দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানটি শনাক্তের চেষ্টা চলছে। সকালের দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)