বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে বরিশাল বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় বিভাগীয় সদর দপ্তর সংলগ্ন পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ব্রাদার্স স্টোর্সের দোকানি মো. তামিম বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে মহাসড়কে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলের কাছে থাকা অপর প্রত্যক্ষদর্শী নারী চা দোকানি বলেন, হঠাৎ করে বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পাশে তাকিয়ে দেখি কিছু লোক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে রাস্তার মধ্যে কিছু বিস্ফোরণের আলামত দেখেছি। তবে আশেপাশে কোনো আলামত পাওয়া যায়নি। এটি কীসের শব্দ ছিল সেটার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছে পুলিশ।
তিনি আরও বলেন, এখানে মিছিলের খবরও পাওয়া গেছে। তবে কোন দল বা গোষ্ঠী মিছিল করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)