Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে পাশের বাড়িতে বিয়ে, তালা ঝুলিয়ে বিদ্যালয় বন্ধ রাখলেন প্রধান শিক্ষক
১ October ২০২৬ Thursday ৮:৫২:০২ PM
নাজিরপুরে পাশের বাড়িতে বিয়ে, তালা ঝুলিয়ে বিদ্যালয় বন্ধ রাখলেন প্রধান শিক্ষক
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ডুমুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সবেমাত্র দুটি ক্লাস শেষ হয়েছে। কিছুক্ষণ পরই শুরু হবে তৃতীয় ক্লাস। কিন্তু তার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে ভবনে তালা ঝুলিয়ে বাড়িতে চলে যান প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ডুমুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়টিতে ছুটি ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের নির্ধারিত সময় পর্যন্ত পাঠদানের দায়িত্ব শিক্ষকদের। কোনো সামাজিক বা ব্যক্তিগত অনুষ্ঠানের দোহাই দিয়ে ইচ্ছামতো বিদ্যালয় ছুটি দেওয়ার সুযোগ নেই। এভাবে আগাম ছুটি দেওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় বন্ধের এই ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকসহ স্থানীয়রা।
বিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে দেখা হলে তিনি তার নাম প্রকাশ করতে নিষেধ করে বলেন, স্কুল ১১টা ৪০ মিনিটের সময় বন্ধ করে স্যারেরা বাড়িতে চলে যান।
এ ব্যাপারে দেউলবাড়ি ডুমুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক আলাউদ্দিন আকন বলেন, ‘আমরা স্কুলে গিয়েছিলাম। স্কুল ভবনের পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় দুটি ক্লাস নেওয়া হয়। এরপর প্রধান শিক্ষক স্কুল ছুটি দিয়ে দেন।’
শিক্ষকরা ওই বিয়ে বাড়িতে যাবেন কিনা, জানতে চাইলে ‘কোনো শিক্ষকই অনুষ্ঠানে যাবেন না’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
বিষয়টি নিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক পরিতোষ মিত্রের সঙ্গে মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিদ্যালয়ের একজন স্টাফের মেয়ের বিয়ে, যার কারণে আমরা বিদ্যালয় ছুটি রেখেছি। এছাড়া আমরা এখন বিয়ে বাড়িতে আছি। এখানে সাউন্ডের কারণে কোনো কথা শুনতে পাচ্ছি না।
এ ব্যাপারে নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম বলেন, ক্লাস চলাকালে এভাবে বিদ্যালয় বন্ধ রাখা বা নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার সুযোগ নেই। বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে। সত্যতা পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)