Home » বরিশাল » বাকেরগঞ্জ » স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ বাকেরগঞ্জে স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার
১ October ২০২৬ Thursday ৮:৫৭:২৪ PM
স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ বাকেরগঞ্জে স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে তিন ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় গিয়ে চাকরিতে যোগ দিয়েছিল। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকার শ্যামপুরের একটি ডাইং কারখানা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো-দাড়িয়াল গ্রামের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)। তারা সবাই দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর ওই তিন ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে তারা স্কুলে যায়নি এবং বাড়িতেও ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে হাফসা ও নাদিয়ার বাবা বাকেরগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে তিন ছাত্রীর অবস্থান ঢাকায় শনাক্ত করা হয়। বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় শ্যামপুর এলাকায় অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে শ্যামপুরের সোনিয়া ডাইং হাউস নামের একটি ছাপা কারখানা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সুবর্ণার প্রতিবেশী সুমি (৩০) ঢাকায় চাকরি করেন। পূর্বপরিচয়ের সূত্রে সুবর্ণার সঙ্গে তার যোগাযোগ ছিল। ওই যোগাযোগের মাধ্যমে তিন ছাত্রী চাকরির উদ্দেশে ঢাকায় যায়। পরে তারা সোনিয়া ডাইং হাউসে কাজে যোগ দেয়। পুলিশ তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে যায়।
বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন ছাত্রীর অবস্থান শনাক্ত করা হয়। বাকেরগঞ্জ থানা-পুলিশ কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)