Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে চিকিৎসককে মারধর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার
১০ November ২০২৬ Tuesday ১০:২৭:৫০ PM
বাকেরগঞ্জে চিকিৎসককে মারধর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খান সালামকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজস্ব চেম্বারে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস। এ সময় মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি বেলায়েত হোসেন খান তাঁর ছেলে ইমরান খান সালামকে জানান।
অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর যুবদল নেতা ইমরান খান সালাম ৩-৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসক আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।
চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম তাঁর চেম্বারে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেন এবং অশ্লীল ভাষায় গালাগালসহ তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
ঘটনার পর চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তাঁরা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করা হয়েছে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে চিকিৎসকের ওপর হামলা এবং এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসাসেবা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ