Current Bangladesh Time
Sunday November ১৫, ২০২৬ ৫:১৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে আ.লীগ নেতার তালাবদ্ধ বাড়িতে আগুন, পেট্রলবোমার আলামত পেয়েছে ফায়ার সার্ভিস
১৪ November ২০২৬ Saturday ৩:১২:২০ PM
Print this E-mail this

মুলাদীতে আ.লীগ নেতার তালাবদ্ধ বাড়িতে আগুন, পেট্রলবোমার আলামত পেয়েছে ফায়ার সার্ভিস


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে আওয়ামী লীগের এক নেতার বসতঘরের আটটি কক্ষ, রান্নাঘর ও কাঠ রাখার ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পেট্রলবোমার আলামত পাওয়ার কথা জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির মালিক জয়নাল আবেদীন ষোলঘর গ্রামের মৃত আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে। তিনি কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয় প্রজন্ম লীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক।

জয়নাল আবেদীনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে। তিনি ব্যবসার কাজে ঢাকার কেরানীগঞ্জে থাকেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে প্রতিবেশীর কাছ থেকে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনি। পরে পুলিশ ও মুলাদী ফায়ার সার্ভিসের একটি দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

জয়নাল আবেদীন জানান, তাঁর বসতঘরে আটটি কক্ষ রয়েছে। সব কক্ষ ও বারান্দায় একসঙ্গে আগুন দেওয়া হয়। এ ছাড়া রান্নাঘর ও কাঠ রাখার ঘরেও আগুন দেওয়া হয়। এতে ফ্রিজ, টেলিভিশন, আসবাব ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

জয়নাল আবেদীনের অভিযোগ, গত ১১ অক্টোবর একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় মরিচের গুঁড়া ছিটিয়ে তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং ঘরের মালামাল লুট করা হয়। ওই ঘটনায় গত ১১ নভেম্বর ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি। এর দুই দিন পর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করেন জয়নাল।

মুলাদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা মো. নূরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে ষোলঘর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে একটি পাকা ভবনের সব কক্ষে একসঙ্গে আগুন জ্বলছিল। কক্ষগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে আগুন নেভাতে হয়েছে। এতে কিছুটা সময় লাগায় ঘরের অনেক মালামাল পুড়ে গেছে। রান্নাঘর ও কাঠ রাখার ঘরেও আগুন ছিল। ঘটনাস্থলে পেট্রলবোমার আলামত পাওয়া গেছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘরটি তালাবদ্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com