Current Bangladesh Time
Sunday November ১৫, ২০২৬ ৫:১৯ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় আরও একটি গ্যাসকূপ, খনন শেষে মজুত পরীক্ষা শুরু
১৫ November ২০২৬ Sunday ৪:৪১:৫১ PM
Print this E-mail this

ভোলায় আরও একটি গ্যাসকূপ, খনন শেষে মজুত পরীক্ষা শুরু


ভোলা প্রতিনিধি:

ভোলায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) তত্ত্বাবধানে আরও একটি গ্যাসকূপের খননকাজ শেষ হয়েছে। কূপটির নাম ভোলা নর্থ-৩। 

রোববার (১৫ নভেম্বর) সকালে গ্যাসের মজুত পরীক্ষা করতে ড্রিল স্টেম টেস্টের (ডিএসটি) জন্য আগুন প্রজ্বালন করা হয়েছে। এটি ভোলার দশম গ্যাসকূপ। 

প্রকৌশলীরা সকাল ৮টা ২০ মিনিটে এ কূপের ডিএসটি শুরু করেন। কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন প্রকল্প পরিচালক ও বাপেক্সের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন।

গত ৯ সেপ্টেম্বর কূপটির খনন কাজ শুরু হয়। ২২ অক্টোবর খনন কাজ শেষ হয়। ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন করা হয়। এবারই প্রথম ভোলা অঞ্চলে খনন কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক। এর আগে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম জেলায় সাতটি কূপ খনন করে। 

১৯৯৫ সালে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর প্রথম আগুন প্রজ্বালন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাসের ব্যবহার শুরু হয়। খনন করা হয় আটটি কূপ। বর্তমান কূপটি নিয়ে মোট ১০টি কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে। আরও চারটি কূপ খনন করবে চীনা কোম্পানি। এসব কূপের জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে।

প্রকৌশলীরা জানান, ভোলা নর্থ-৩ কূপের গ্যাসের মজুত নির্ণয়ের জন্য ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা (এমডি) পর্যন্ত খনন করা হয়েছে। ডিএসটির আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে এ কূপ থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ডিএসটি শেষে গ্যাসের প্রবাহের হার ও কূপের চাপের তথ্য যাচাই করে চূড়ান্ত ফলাফল জানানো হবে বলে জানান প্রকল্প পরিচালক।

ভোলাবাসীর উচ্ছ্বাস ও দাবি

এদিকে ভোলায় নতুন কূপ খননে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করলেও তাদের অধিকাংশের অভিযোগ, জেলায় গ্যাসের মজুত থাকলেও এর সুফল পাচ্ছেন না তারা। ভোলায় আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ভোলার ব্যবসায়ী ও নাগরিক কমিটির প্রতিনিধি মাহাবুব মোর্শেদ বাবুল জানান, বর্তমানে ভোলায় ১০টি কূপ খনন করা হয়েছে। গ্যাসের মজুত প্রায় ৩ ট্রিলিয়ন ঘনফুটের কাছাকাছি। দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা গেলেও ব্যবহার হচ্ছে মাত্র ৬৫ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে আবাসিক ও গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহার করতে প্রয়োজন মাত্র ১ মিলিয়ন ঘনফুট গ্যাস।

আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।

আবাসিক গ্যাস সংযোগ, ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পায়নসহ ছয় দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে কয়েক লাখ মানুষের আবেদন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রোববার চরফ্যাশনের চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।

তবে ভোলায় গ্যাসের মজুত ও উৎপাদন সম্ভাবনা থাকলেও আবাসিক সংযোগ না দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। এ নিয়ে জেলায় আন্দোলনও চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com