Home » পটুয়াখালী » বাউফল » পটুয়াখালীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
১৮ November ২০২৬ Wednesday ১২:১৪:১২ PM
পটুয়াখালীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলের বগা পয়েন্টে লোহালিয়া নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ-চীন নবম মৈত্রী সেতু। আগামী ডিসেম্বরের শেষদিকে অথবা জানুয়ারির যে কোনো দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২০৩০ সালের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম তাকে এ আশ্বাস দেন বলে জানিয়েছেন সংসদ সদস্য।
এরই মধ্যে সেতু নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে দুমকী উপজেলার চর গরবদি এলাকায় জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখান থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার কার্যক্রমও চলছে।
এর আগে বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরার (৮) চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে চলতি বছর ১৯ মে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে বাউফলের বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন সেতুমন্ত্রী।
সেতুটি নির্মিত হলে বাউফল, দশমিনা ও গলাচিপার প্রায় ১০ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। একই সঙ্গে অবসান হবে তাদের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের।
বর্তমানে ঢাকা থেকে সড়কপথে প্রায় পাঁচ ঘণ্টায় লোহালিয়া নদীর চর গরবদি এলাকায় পৌঁছানো গেলেও নদী পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থাকতে হয়। এতে যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী ও পণ্য পরিবহনকারীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়।
সেতুটি নির্মিত হলে ঢাকা থেকে বাউফল হয়ে দশমিনা ও গলাচিপায় সড়কপথে সরাসরি যাতায়াত সম্ভব হবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। সকালে ঢাকায় গিয়ে প্রয়োজনীয় কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরাও সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সেতুটি অনেক আগেই হওয়া উচিত ছিল। কেন এত দিন এটি নির্মাণ করা হয়নি, তা অতীতের সরকার ভালো বলতে পারবে। সেতুমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের শেষদিকে অথবা জানুয়ারির যেকোনো দিন প্রধানমন্ত্রী স্বপ্নের সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
তিনি আরও বলেন, ‘সেতুটি নির্মিত হলে বাউফল ও দশমিনা একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যেতে পারবেন।’
ভবিষ্যৎ যোগাযোগব্যবস্থার পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, তেঁতুলিয়া নদীর পূর্ব পাশে ভোলা জেলার সঙ্গে বরিশালের যোগাযোগ স্থাপনে সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ওই সেতুর একটি অংশ বাউফলের ধুলিয়ার সঙ্গে যুক্ত করা গেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও ভোলা হয়ে বাউফলের ওপর দিয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত, পায়রা বন্দরসহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন পথ তৈরি হতে পারে। এলাকাগুলো বাণিজ্যিক ও অর্থনৈতিক জোনে পরিণত হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী