Home » বরিশাল » বাবুগঞ্জ » মাকে বাঁচাতে পারেননি, ভাইকে মানুষ করার স্বপ্নও অপূর্ণ; আগুনে নিভল সিয়ামের জীবন!
১৮ November ২০২৬ Wednesday ১১:৩৪:৩০ PM
মাকে বাঁচাতে পারেননি, ভাইকে মানুষ করার স্বপ্নও অপূর্ণ; আগুনে নিভল সিয়ামের জীবন!
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই কাঁধে তুলে নিয়েছিলেন সংসারের দায়িত্ব। দশম শ্রেণিতে পড়ার সময় অভাবের সংসারে নেমে আসে আরও বড় বিপর্যয়। মায়ের শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। অন্যদিকে চাকরি হারান জাহাজ শ্রমিক বাবা। পরিবারের এমন দুঃসময়ে মায়ের চিকিৎসা ও সংসারের হাল ধরতে ২০১৫ সালে মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনার ইতি টেনে বাসের হেলপার হিসেবে কর্মজীবন শুরু করেন সিয়াম ইসলাম।
নিজের পড়াশোনা বন্ধ হলেও স্বপ্ন থেমে থাকেনি। উপার্জনের টাকায় চলছিল ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা। কিন্তু শত চেষ্টা করেও মাকে বাঁচাতে পারেননি তিনি। ২০২০ সালে মারা যান মা কামরুন্নাহার বেগম। এরপর একমাত্র ছোট ভাই সিফাতকে ঘিরেই নতুন করে স্বপ্ন বুনেছিলেন সিয়াম। নিজে পড়াশোনা করতে না পারলেও ছোট ভাইকে উচ্চশিক্ষিত করে মানুষের মতো মানুষ বানানোর স্বপ্ন ছিল তাঁর।
কিন্তু সেই স্বপ্নও আর পূরণ হলো না। বুধবার ভোররাতে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পার্কিং করে রাখা বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে অঙ্গার হয়ে যান ২৭ বছর বয়সী এই তরুণ। মুহূর্তেই শেষ হয়ে যায় একটি সংগ্রামী জীবনের গল্প, থেমে যায় ছোট ভাইকে ঘিরে দেখা সব স্বপ্ন।
নিহত সিয়াম ইসলাম বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদেলকাঠী গ্রামের কবির হোসেন স্বপন হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর বাস মালিক সমিতির ‘বাহক’ পরিবহনের বাসে চালকের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ট্রিপ শেষ করে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বাসটি পার্কিং করেন চালক ও সহকারী। পরে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন সিয়াম। বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে দুর্বৃত্তরা পার্কিং করে রাখা বাহক ও লিসা পরিবহন নামে দুটি বাসে আগুন দেয়। আগুন ছড়িয়ে পড়লে বাহক পরিবহনের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম বের হওয়ার সুযোগ পাননি। ঘটনাস্থলেই পুড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুড়ে যায় বাস দুটি। পরে বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিয়ামের মৃত্যুর খবর গ্রামের বাড়ি ইদেলকাঠীতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসছেন তাঁদের বাড়িতে।
সিয়ামের চাচাতো ভাই শিক্ষার্থী সাব্বির হোসেন রাজু জানান, সিয়াম অত্যন্ত কর্মঠ ও পরিশ্রমী ছিলেন। সংসারের হাল ধরতে মাত্র ১৬ বছর বয়সে দশম শ্রেণিতে পড়ার সময় তাঁকে পড়াশোনা ছাড়তে হয়। তাঁর উপার্জনের টাকায় চলত ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা। মায়ের মৃত্যুর পর ছোট ভাই সিফাতকে ঘিরেই ছিল তাঁর সব স্বপ্ন। নিজের পড়াশোনা বন্ধ হলেও ভাইয়ের পড়াশোনার খরচের পুরো দায়িত্ব পালন করতেন তিনি। ১৩ বছর বয়সী সিফাত ইদেলকাঠী হাফিজিয়া নূরানী মাদ্রাসায় পড়াশোনা করছে।
কান্নাজড়িত কণ্ঠে সিয়ামের বাবা কবির হোসেন স্বপন হাওলাদার বলেন, ‘আমার ছেলেটি এত ভালো ছিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কোন অপরাধে তাকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হলো? সিয়ামের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা যাওয়ার পর ছোট ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০২৩ সালে আবার বিয়ে করি। কিন্তু সিয়াম কখনো তার সৎ মাকে সৎ মনে করেনি। ছোট ভাইয়ের পাশাপাশি সৎ মায়েরও খোঁজখবর রাখত। আমার সেই ফেরেশতার মতো ছেলেকে যারা মেরেছে, আমি তাদের ফাঁসি চাই।’
অভিন্ন কষ্টের কথা জানালেন সিয়ামের সৎ মা শিল্পী আক্তার। তিনি বলেন, ‘সিয়ামকে আমি পেটে না ধরলেও সে আমাকে কখনো সৎ মায়ের চোখে দেখেনি। সব সময় আমার খোঁজখবর নিত। ছুটি পেলেই বাড়িতে চলে আসত। বাড়ি আসার আগে ফোন করে বলত—মা, আপনার কিছু লাগবে? আমার সেই সোনার টুকরা ছেলেটাকে ওরা কেন মেরে ফেলল?’
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান বলেন, ‘আমরা এই ঘটনায় হতবাক ও দারুণভাবে ব্যথিত। সিয়াম অত্যন্ত নম্র, ভদ্র এবং পরিবারের প্রতি দায়িত্বশীল একটি ছেলে ছিল। তাঁর এমন অকালমৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না।’
বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব বলেন, ‘অভাবের তাড়নায় দেহেরগতি ইউনিয়নের সিয়াম বাসের হেলপারের চাকরি নিয়েছিল। ছেলেটি পার্কিং করা বাসে ঘুমিয়ে ছিল। অথচ আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে। সিয়াম ছিল পরিবারের উপার্জনক্ষম ও দায়িত্বশীল ছেলে। এই অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই।’
দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন বিশ্বাস বলেন, সিয়াম তাঁর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন। মায়ের মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোটামুটি নিয়মিত সময় দিতেন। পরে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় আগের মতো কর্মসূচিতে আসতে পারতেন না। তবে ছেলে হিসেবে তিনি অত্যন্ত ভালো ছিলেন। যারা আগুন দিয়ে সিয়ামকে পুড়িয়ে মেরেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই। ভবিষ্যতে যেন আর কাউকে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।’
সিয়ামের চাচা সোহেল মোল্লা বলেন, পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিল সিয়াম। ছোট ভাইয়ের পড়াশোনা ও সংসারের সিংহভাগ খরচ তিনিই বহন করতেন। রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। শান্ত স্বভাবের এই ছেলেটি শুধু পরিবারের হাল ধরতেই অল্প বয়সে বাড়ি ছেড়ে কর্মজীবনে প্রবেশ করেছিল। তিনি বলেন, ‘আমাদের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে সরকার যেন দাঁড়ায়।’
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, বুধবার ভোররাতে পার্কিং করা অবস্থায় দুটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাহক পরিবহনের বাসে ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম পুড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নাশকতার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
একসময় মায়ের চিকিৎসার জন্য নিজের শৈশব-কৈশোরের স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন সিয়াম। মাকে বাঁচাতে পারেননি, কিন্তু মায়ের মৃত্যুর পর ছোট ভাইকে ঘিরে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন। সেই ভাইয়ের পড়াশোনা, ভবিষ্যৎ আর পরিবারের দায়িত্ব—সবকিছুই ছিল তাঁর ভাবনায়। অথচ একটি অগ্নিকাণ্ডে থেমে গেল তাঁর জীবনসংগ্রাম। ১৩ বছরের ছোট ভাইয়ের মাথার ওপর থেকে সরে গেল সবচেয়ে বড় আশ্রয়। যে ভাইকে মানুষ করার স্বপ্নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন সিয়াম, সেই ভাইয়ের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী