Home » গৌরনদী » বরিশাল » বরিশালে পিস্তল-রিভলবার-এয়ারগানসহ বিপুল সংখ্যক কার্তুজ উদ্ধার, ‘জর্দা শামীমের’ ৩ সহযোগী গ্রেপ্তার
১৮ November ২০২৬ Wednesday ৭:৪৫:২৫ PM
বরিশালে পিস্তল-রিভলবার-এয়ারগানসহ বিপুল সংখ্যক কার্তুজ উদ্ধার, ‘জর্দা শামীমের’ ৩ সহযোগী গ্রেপ্তার
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত ‘জর্দা শামীম’-এর সহযোগীদের আস্তানা থেকে এয়ারগানসহ আটটি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। এ ঘটনায় শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহে আলম (৫০), বি এম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তাঁরা সবাই বাটাজোর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
আজ বুধবার এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু এসব তথ্য জানান।
তিনি বলেন, আলোচিত জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তাঁর কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ গৌরনদীতে তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ সরিয়ে নেওয়া হয়। পরে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল।
ওয়ালিদ হাসান মিঠু আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাটাজোর এলাকার ওই বাড়িতে অভিযান চালায় এসআরবি। এ সময় বাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে পিস্তলের ৩৩টি ম্যাগাজিন, পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড কার্তুজ এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ। সব মিলিয়ে ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অভিযানে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগও জব্দ করা হয়।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে দিবাগত রাতে রংপুর সদর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী