Home » পটুয়াখালী » বাউফল » অপহরণ মামলা করে গ্রামছাড়া পরিবার, ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে
২২ November ২০২৬ Sunday ৮:৪৬:৩০ PM
অপহরণ মামলা করে গ্রামছাড়া পরিবার, ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অপহরণের অভিযোগে মামলা করে আসামির ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। পরিবারের অভিযোগ, মামলার একমাত্র আসামির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।এ কারনে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী কিশোরী ও তার স্বজনরা। মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি উপজেলার কালিশুরি নদীবন্দর এলাকা থেকে কালিশুরি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৬) ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যান স্থানীয় সোহান মোল্লা (২৩)। অভিযোগ রয়েছে, ওই কিশোরীকে নিয়ে দুই দিন বিভিন্ন স্থানে অবস্থান করেন তিনি। পরে থানা পুলিশের তৎপরতার খবর পেয়ে ১০ ফেব্রুয়ারি সোহান মোল্লার স্বজনরা কিশোরীকে বাউফল থানায় নিয়ে আসেন। ওই দিনই কিশোরীর মা বাদী হয়ে সোহান মোল্লার বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেন। মামলাটির নম্বর ১৬। কিশোরের স্বজন সঞ্জয় দাস এর অভিযোগ, মামলা দায়েরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সোহান ও তার পরিবারের লোকজন। ঘটনার দিন রাতেই ১৫ থেকে ২০ জন যুবক মোটরসাইকেল নিয়ে কিশোরীর বাবাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরপর থেকেই ভয় ও আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা। বর্তমানে তারা এলাকার বাইরে অবস্থান করছেন। সঞ্জয় দাস আরও অভিযোগ করেন, মামলার একমাত্র আসামি সোহান মোল্লার বিরুদ্ধে গত ৪ নভেম্বর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু পরোয়ানা জারির পরও তাকে গ্রেফতার করা হয়নি। তিনি এলাকায় প্রকাশ্যেই ঘোরাফেরা করছেন। কয়েক দফায় বাউফল থানা পুলিশকে তার অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হলেও তাকে গ্রেফতার করা হয়নি। সোহানের দাদা বিএনপির একজন প্রভাবশালী নেতা হওয়ায় পুলিশ তাকে গ্রেফতারে গড়িমসি করছে বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সোহান মোল্লার এক স্বজন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সোহানের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা নিজেদের ইচ্ছায় বাড়ি থেকে চলে গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে সোহানের পরিবার কিশোরীকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। তার দাবি, সোহানের পরিবারের রাজনৈতিক প্রতিপক্ষের প্ররোচনায় কিশোরীর মা মিথ্যা মামলা করেছেন। ভুক্তভোগীর পরিবারকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। তারা কেন এলাকায় থাকছেন না, সেটি তাদের জানা নেই। এ বিষয়ে সোহান মোল্লার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, এ ধরনের মামলায় আসামি গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধীরগতি দুঃখজনক। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরও কোনো আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালে বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা প্রয়োজন। এ বিষয়ে তিনি আদালতের নজরে আনবেন বলে জানান। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আসামির অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়া হয়েছিল। তবে ওই সময় থানার গাড়ি অন্য একটি কাজে দূরে থাকায় তাৎক্ষণিকভাবে অভিযান চালানো সম্ভব হয়নি। আসামিকে দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে, ভুক্তভোগী পরিবার এলাকায় থাকতে পারছে না—এমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ পুলিশ পায়নি। এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী