জনতার মুখোমুখি অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন মেয়রপার্থী কামাল
বরিশাল :: বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ‘জনতার সামনে জনপ্রতিনিধি’ অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল। ৯ জুন রোববার রাত আটটা থেকে অনুষ্ঠানটি বরিশাল শেরে-বাংলা-মেডিকেল কলেজ মিলনায়তন থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে অপর মেয়র প্রার্থী হিরণের সাথে তর্ক বাধলে মেয়র প্রার্থী কামাল তাকে সমান সুযোগ দেয়া হচ্ছেনা অভিযোগ তুলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি বরিশাল সিটি কর্পোরেশনের তিন মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল, শওকত হোসেন হিরণ ও মাহমুদুল হক খান মামুনকে নিয়ে ‘জনতার সামনে জন প্রতিনিধি’ অনুষ্ঠানের আয়োজন করে। সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শাহরিয়ার বিপ্লব।
অনুষ্ঠান শুরু হলে মেয়র নির্বাচিত হলে নিজ নিজ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন তিন মেয়র প্রার্থী। একপর্যায়ে মেয়রপ্রার্থী হিরনের অপরিকল্পিত নর্দমা নির্মান ও বেশ কয়েকটি খাল ভরাটের জন্য নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তুলেন মেয়রপ্রার্থী কামাল।
হিরন এ অভিযোগ অস্বীকার করে উল্টো মেয়রপ্রার্থী কামালের সময়ে নগরীর ১০টি খালের মধ্যে ৮টিই কামালের সময় ভরাট হয়েছে ভরাট হয়েছে বলে অভিযোগ তুলেন। এসময় মেয়রপার্থী কামাল নগরীর ২২ টি খাল তার আমলে প্রবাহমান ছিল বলে দাবি করলে খাল ভরাট নিয়ে হিরন ও কামালের মধ্যে মৃদু তর্ক বাধে। এমন সময় বিজ্ঞাপন বিরতিতে যান সঞ্চালক। বিরতিতে যাওয়ার পরপরই দুই প্রার্থীর মধ্যে এনিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এসময় উপস্থাপক তাদের নিবৃত্ত করতে চাইলে মেয়র প্রার্থী কামাল তাকে সমান সুযোগ দেয়া হচ্ছেনা অভিযোগ তুলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এদিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় মেয়র প্রার্থী কামালের সমর্থকরা মিলনায়তনের কয়েকটি চেয়ার ও জানালার গ্লাস ভাংচুর করেছে বলে জানিয়েছে হিরন সমর্খক ও পুলিশ সদস্যরা।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপম আমাদের বরিশাল ডটকমকে জানান, ‘আমরা বের হয়ে আসার সময় এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।’ তবে তারা বের হয়ে আসার পর অপর মেয়র প্রার্থীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়ে তাদের নাম দিতে পারে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |