নির্বাচন পরবর্তী সহিংসতা হিরনের কর্মীর বাসায় বিএনপি সমর্থকদের হামলা, ছেলেমেয়ে আহত
বরিশাল :: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী শওকত হোসেন হিরণের একজন কর্মীর বাসায় দফায় দফায় হামলার অভিযোগ পাওয়া গেছে। ১৬ জুন রোববার সকালেও মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন নামের ওই কর্মীর দুই ছেলেমেয়ের ওপর হামলা চালানো হয়। এতে তার মেয়ে তানিয়া এবং ছোট ছেলে অভি আহত হয়। গিয়াসউদ্দিন নগরীর দপ্তরখানা এলাকায় থাকেন।
গিয়াসউদ্দিন জানান, ১৫ জুন শনিবার রাত ৯টার দিকে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ পর্যায়ে, তখন তার বাসায় কে বা কারা এসে রং ছিটিয়ে দেয় এবং বাসার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটায়। তার ছোট ছেলে অভি বের হয়ে দেখে, স্থানীয় বিএনপির দুই সমর্থক বাসার বাইরে দাঁড়িয়ে আছে। এসময় তাদের কাছে ‘কারা ককটেল ফাটিয়েছে’ জিজ্ঞেস করা হলে তারা এ ব্যাপারে জানেন না বলে চলে যায়। তারা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু লোক বাসার বাইরে ও ভেতরে ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গিয়াসউদ্দিন আরো জানান, ১৬ জুন রোববার সকাল ১১টার দিকে অভি মোবাইল ফোন রিচার্জের দোকানে যায়। এ সময় স্থানীয় বিএনপির ১৫-২০ জন কর্মী দোকানে তার ওপর হামলা চালায়। তারা অভির ডান হাতে কোপ দেয়। এ সময় বোন তানিয়া ছুটে এলে সেও আহত হয়।
গিয়াসউদ্দিন বর্তমানে পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে বলেন, তিনি এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, হিরণের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির অভিযোগ করেন, গিয়াসউদ্দিনের বাড়ি ভাংচুর ছাড়াও তাদের আরো দুই কর্মীকে মারধরা করা হয়েছে।
তিনি আরো জানান, দীর্ঘদিন বরিশালে রাজনৈতিক সহিংসতা বন্ধ ছিল। এখনো থাকবে কিনা, এ ঘটনার মধ্য দিয়ে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |