বরগুনায় ১৮ দলের ১৬ নেতাকর্মী কারাগারে বরগুনা সংবাদদাতা
পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বরগুনার বামনা উপজেলার ১৮ দলের ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ওই মামলার ৭০ জন আসামির মধ্যে ৫৬ জন আসামি আদালতে হাজির হলে এদের মধ্যে বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত কবির হাওলাদারসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মাছুম বিল্লাহ এ নির্দেশ দেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আসামিরা এতোদিন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তারা আদালতে হাজির হলে আদালত এ নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর হরতাল চলাকালে জেলার বামনা উপজেলার খোলপটুয়া এলাকায় টহল পুলিশের ওপর হামলা করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সত্তার, এএসআই মোশাররফ হোসেন, কনস্টেবল সোহাগ, বারেক শরীফ, আতাহার, আবদুল কুদ্দুস ও লিয়াকতসহ সাত পুলিশ সদস্য আহত হয়।
পরে ওই ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা দুই শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |