Current Bangladesh Time
Sunday November ২২, ২০২৬ ৬:৪৬ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
১৩ November ২০২৬ Friday ১২:১৯:৩৫ PM
Print this E-mail this

গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের সংযোগস্থলে মালবাহী একটি ট্রলারের ধাক্কায় আয়রন সেতুর মাঝের অংশ ভেঙে খালে পড়ে গেছে। এতে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে আশপাশের অন্তত ১০ গ্রামের আড়াই থেকে তিন হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

দুই ইউনিয়নের মানুষের চলাচলের প্রধান ভরসা ছিল গজালিয়া বাজারসংলগ্ন গজালিয়া খালের এই সেতুটি। প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষ এটি ব্যবহার করতেন। এখন গন্তব্যে পৌঁছাতে খাল পার হতে হচ্ছে নৌকায়, অথবা ঘুরপথে কয়েক কিলোমিটার বেশিপথ পাড়ি দিতে হচ্ছে। এতে বাড়তি সময় ও খরচ দুটোই গুনতে হচ্ছে স্থানীয়দের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও রোগীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গলাচিপা পৌরসভার গোডাউন থেকে চরকাজল ইউনিয়নের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের ফেয়ার প্রাইস কর্মসূচির চাল নিয়ে একটি ট্রলার চরকাজলের শিবা এলাকার দিকে যাচ্ছিল। গজালিয়া খালের ওপর নির্মিত সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় চালকের অসাবধানতায় ট্রলারটি মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে সেতুর স্টিলের কাঠামোয় সজোরে ধাক্কা দেয়। এতে বিকট শব্দে সেতুর মাঝখানের দুটি পাটাতন ভেঙে খালে পড়ে যায়। এরপর থেকে সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিন দেখা যায়, প্রায় ২৪০ ফুট দীর্ঘ পুরোনো স্লিপার আয়রন সেতুটির মাঝখানের অংশ ভেঙে ঝুলে আছে। কোথাও লোহার কাঠামো বাঁকা হয়ে ঝুলছে, কোথাও ভাঙা পাটাতন পড়ে রয়েছে খালের পানিতে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সেতু দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে খালের দুইপারের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা এখন নৌকা।

স্থানীয়দের তথ্যমতে, সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০টি মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করত। কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ বাসিন্দার পাশাপাশি গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল, দক্ষিণ চরচন্দ্রাইল, ইছাদি, কাটাখালী ও হরিদেবপুরসহ অন্তত ১০ গ্রামের মানুষ এই পথ ব্যবহার করেন। বর্তমানে গজালিয়া থেকে ডাকুয়া, কলাগাছিয়া ও উপজেলা সদরে যেতে হচ্ছে বিকল্প পথে।

স্থানীয় বাসিন্দা ফকু মিয়ার মেয়ে গলাচিপা সরকারি কলেজে পড়াশোনা করেন। সেতুটি ভেঙে যাওয়ায় তাকে এখন গজালিয়া বাজার থেকে ঠাকুর বাজার ঘুরে কলেজে যেতে হবে।

ফকু মিয়া বলেন, আগে সেতু দিয়ে সহজেই মেয়েটি কলেজে যাতায়াত করতে পারত। এখন ঘুরপথে যেতে হবে। এতে সময় ও খরচ দুটোই বাড়বে। প্রতিদিন এভাবে যাতায়াত করা খুবই কষ্টকর হবে।

একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন কলেজছাত্র রোমান গাজীও। তার মতো অনেক শিক্ষার্থীকে এখন বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সেতুটি ভেঙে পড়ায় আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।

গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস বলেন, ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন। তাদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক রয়েছেন। সেতুটি ভেঙে পড়ায় সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫ বছর আগে নির্মিত পুরোনো সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বিভিন্ন সময়ে যানবাহনের ধাক্কায় এর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালে ইটবোঝাই একটি ট্রলির ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে কাঠের পাটাতন বসিয়ে সাময়িকভাবে চলাচল স্বাভাবিক করা হয়। পরে ২০২৬ সালের শুরুর দিকেও সেতুর একটি অংশ ভেঙে পড়লে স্থানীয় চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস কাঠ দিয়ে মেরামতের ব্যবস্থা করেন।

অন্যদিকে পুরোনো সেতুর পাশেই নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০২১-২২ অর্থবছরে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৭২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের দায়িত্ব পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাজী এন্টারপ্রাইজ; কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণকাজ শেষ হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুই পাশের বেজমেন্ট নির্মাণের পর থেকে কাজের তেমন অগ্রগতি নেই। নতুন সেতুটি চালু না হওয়ায় পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুর ওপরই নির্ভর করতে হচ্ছিল তাদের। এবার সেটিও ভেঙে পড়ায় যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই নতুন সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ভেঙে পড়া পুরোনো সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্মাণাধীন নতুন সেতুর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com