‘গ্রহে বুদ্ধিমান প্রাণী থাকার গাণিতিক সম্ভাবনা রয়েছে’ নিজস্ব প্রতিবেদক
বরিশালের অমৃত লাল দে কলেজ ক্যাম্পাসে শুক্রবার (১০ মার্চ) বিকেলে ‘দ্বিতীয় পৃথিবীর সন্ধানে’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা ও নানা ধরনের বিজ্ঞান আয়োজন অনুষ্ঠিত হয়।
দর্শনীর বিনিময়ে বিজ্ঞান বক্তৃতা করেন, পেশাদার বিজ্ঞান বক্তা ও লেখক আসিফ।
বিজ্ঞান সংগঠন কসমিক কালচার আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব, বিশিষ্ট সংস্কৃতিজন মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কবীর ও কসমিক কালচার-এর সভাপতি ড. অনীশ মন্ডল।
অনুষ্ঠানে আসিফ বলেন, সূর্যের মতোই আরও প্রায় ৪০ হাজার কোটি নক্ষত্র নিয়ে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি। ড্রেক সমীকরণ ১০০ কোটি গ্রহে বুদ্ধিমান প্রাণী থাকার গাণিতিক সম্ভাবনার কথা বলছে।
তিনি বলেন, বহির্জাগতিক বুদ্ধিমান প্রাণীর সাথে যোগাযোগের ক্ষেত্রে মিশরীয় হায়ারোগ্লিফিক-এর পাঠোদ্ধার পদ্ধতি আলোকবর্তিকা দেখাতে পারে। মানব সভ্যতা অত্যন্ত সম্ভাবনাময় কিন্তু আমরা বিভিন্ন জাতি নিজেদের মধ্যে যুদ্ধ ও অনৈক্যের মাধ্যমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে অনৈক্য কমানো গেলেই আমরা বহির্জাগতিক সভ্যতার সাথে যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে যাব।
এছাড়া বিজ্ঞান বিষয়ক মেধা ও সৃজনশীলতা বিকাশে দিনব্যাপি বিজ্ঞান আয়োজনের অংশ হিসেবে সকলের জন্য উন্মুক্ত ছিল বিজ্ঞান বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, বিজ্ঞান বই মেলা, ছোটদের জন্য ‘মহাকাশ’ নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও মহাকাশযানের মডেল তৈরি এবং স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান প্রজেক্ট তৈরির প্রতিযোগিতা ও সায়েন্স ফিকশন রচনা প্রতিযোগিতা।
বক্তৃতা শেষে এসকল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
|