Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে সড়কের মধ্যে গাছের কারণে গাড়ি চলাচলের জো নেই, বাড়ছে মৃত্যু
১৮ August ২০২৫ Monday ৩:১৩:২২ PM
পিরোজপুরে সড়কের মধ্যে গাছের কারণে গাড়ি চলাচলের জো নেই, বাড়ছে মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের একটি ব্যস্ততম সড়ক পিরোজপুর-টগড়া-পাথরঘাটা সড়ক। এ সড়কের উপর গাছ এবং বিদ্যুতের খুঁটি থাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যানবাহনের স্বাভাবিক চলাচল। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিগত ৩ বছরে এ সড়কে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে কমপক্ষে ২৫ জনের। ফলে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকা এ সড়কটি।
খুলনা কিংবা ঢাকা থেকে পিরোজপুরের ইন্দুরকানী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া এবং বরগুনার পাথরঘাটা যাতায়াতের অন্যতম মাধ্যম পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকা পিরোজপুর-টগড়া-পাথরঘাটা সড়কটি। প্রায় ১০ বছর পূর্বে সড়কটির প্রশস্ততা বৃদ্ধি করায় বেশকিছু গাছ এবং বৈদ্যুতিক খুঁটি পড়েছে রাস্তার উপর। এ গুলো না সরিয়ে সড়ক প্রসস্থ করায় রাস্তার উপর থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
তাছাড়া এ সড়কের পিরোজপুর-টগড়া অংশের ১০ কিলোমিটার রাস্তায় রয়েছে অনেকগুলো ঝুঁকিপূর্ণ বাঁক। রাস্তার উপর বিশেষ করে বাঁকে ট্রাক পার্কিং করে জ্বালানি কাঠ আনলোড করা এবং ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরণের অবৈধ যানবাহন চলাচলা করায় বেড়েছে দুর্ঘটনা ঝুঁকি। এছাড়া পাশে থাকা গাছগুলো রাস্তার উপর ঝুঁকে পড়ায় দুর্ঘটনা ঝুঁকি বেড়েছে আরও কয়েক গুণ। রাস্তার এ ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে বিগত ৩ বছরে সড়কটির মাইটভাঙ্গা, ঝাউতলা, শংকরপাশা, মল্লিকবাড়ি, উমেদপুর এবং টগড়া মোড়ে দুর্ঘটনায় মারা গেছে কমপক্ষে ২৫ জন।
এ সড়কের শংকরপাশা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা জয়নাল বলেন, রাস্তায় আগের তুলনায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দূরপাল্লার পরিবহন বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম রুটের বাস এ সড়ক দিয়ে চলাচল করে । সড়কের উপর গাছ এবং বৈদ্যুতিক খুঁটি থাকায় বড় বাস কিংবা ট্রাক রাস্তার পাশে যেতে পারে না । ফলে সামনে ছোট গাড়ি পড়লে চাপা দিয়ে দেয় । এজন্যই প্রাণহানির ঘটনা ঘটে। বিগত তিন বছরে এই সড়কে কমপক্ষে ২৫ জন মানুষ প্রাণ হারিয়েছে। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে শংকরপাশা ইউনিয়ন পরিষদের একটু সামনে ৮ জন মানুষ একসঙ্গে মারা গিয়েছিল। আরেকটি ঘটনা ঘটেছে বেলতলা একসঙ্গে পাঁচজন মানুষ নিহত হয়েছিল। এরকম মাঝে মধ্যেই দুইজন তিনজন করে এক্সিডেন্টে মারা যাচ্ছে। সড়কের উপর ট্রাক রেখে গাছ লোড আনলোড করা এক্সিডেন্টের অন্যতম আরো একটি কারণ রয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, রাস্তার দুই পাশের গাছগুলো জেলা পরিষদের। সংশ্লিষ্ট দফতরকে গাছগুলো অপসারণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে এবং জেলা পরিষদ গাছগুলো অপসারণে সম্মত হয়েছে । আশা করি খুব শীঘ্রই জেলা পরিষদ গাছগুলি অপসারণের ব্যবস্থা করবে।
পিরোজপুর-টগড়া-পাথরঘাটার ৫৬ কিলোমিটার সড়কের প্রথম ১২ কিলোমিটারে রয়েছে কমপক্ষে ১৮টি ঝুঁকিপূর্ণ স্পট।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ