শেবাচিমের মেডিসিন ভবনে আগুন, অক্সিজেন সংকটে দুই রোগীর মৃত্যুর অভিযোগ
নগর প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে লাগা এই আগুনের পর আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুই বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফায়ার সার্ভিস বরিশালের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, ‘খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বলা যাবে না।’
অবশ্য ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয়েছে মেডিসিন ভবনের পঞ্চম তলার বারান্দায় রাখা লেপ-তোষকের স্তূপে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ফ্লোর।
এই অবস্থায় রোগীরা ও তাদের স্বজনরা হুড়োহুড়ি করে সিঁড়ি ব্যবহার করে নিচে নামতে শুরু করেন। অনেক রোগী অক্সিজেন সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে।
মৃতদের মধ্যে একজন বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন (৬০)। ছয় দিন আগে ব্রেইন স্ট্রোকের কারণে চতুর্থ তলায় ভর্তি ছিলেন তিনি। অন্যজন পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের বাসিন্দা কাজী আতাউর রহমান (৮০)। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একই তলায় চিকিৎসাধীন ছিলেন তিনি।
মৃতদের স্বজনরা অভিযোগ করেছেন, হুড়োহুড়ি করতে গিয়ে দীর্ঘ সময় অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় তাদের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর আতঙ্কিত রোগীরা হাসপাতালের বাইরের বারান্দা ও খোলা স্থানে আশ্রয় নেন।
শেবাচিমের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনয়েম সাদ বলেন, ‘তদন্ত না করে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। ওই ভবনে প্রায় ১৪৮ জন রোগী ছিলেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় ছিলেন।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান