Home » পিরোজপুর » ভান্ডারিয়া » বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী
১ October ২০২৬ Thursday ১১:২৯:৫৬ PM
বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
বিশ্বায়নের উত্তাল স্রোতে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে বিনির্মাণ করতেই সরকার কাজ করে যাচ্ছে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর।
বৃহস্পতিবার (১ অক্টবর) ভান্ডারিয়া সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান এবং পরবর্তীতে মাদ্রাসা প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা খাতে প্রয়োজনে বাজেট আরও বাড়ানো হবে। তবে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মানও সমানভাবে উন্নত করতে হবে, যাতে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়তে মেধাবী প্রজন্মকেই মূল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। তাদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষকদের সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ খানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শুপ্রভাত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন ও পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার।
এছাড়া ছাত্রদল নেতা মো. তামিম, মো. মেহেদি হাসান এবং শিক্ষার্থী শ্রাবণী আক্তার ও মাকসুদা আক্তার অনুষ্ঠানে বক্তব্য দেন। সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরবর্তীতে প্রতিমন্ত্রী উপজেলা অডিটরিয়ামে ভান্ডারিয়ার বিভিন্ন মাদ্রাসার প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ, অধ্যক্ষ কাওছার উল ইসলাম ও অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন মাদ্রাসার তালিকা তৈরি করে ধাপে ধাপে সেগুলো সংস্কারের প্রতিশ্রুতি দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)