বামনায় ছাত্রদল সভাপতিসহ পাঁচ জন আটক
বামনা :: বরগুনার বামনা উপজেলা ছাত্রদল সভাপতি ইকবাল কোরাইশী বাবুসহ ছাত্রদল ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও পিকেটিং করার অভিযোগে ৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- বামনা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুমন গোলদার, ছাত্রদল সভাপতি ইকবাল কোরাইশী বাবু, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদল নেতা ফারুক ও শাহিন।
এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে বলেন, হরতালে গাড়িতে অগ্নিসংযোগসহ জনগনকে ভয়ভীতি ও পিকেটিং করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে বামনা উপজেলায় সোমবার রাতে লঞ্চঘাট সড়কে একটি মাহেন্দ্র অটোগাড়িতে অগ্নিসংযোগ ও মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |