এশিয়ার সুউচ্চ জ্যাকব টাওয়ার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি অনলাইন ডেস্ক
ভোলার চরফ্যাশনে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক সুউচ্চ জ্যাকব ওয়াচ টাওয়ার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় তিনি এ টাওয়ারের উদ্বোধন করেন।
এর মধ্য দিয়ে দেশের পর্যটন শিল্পে নতুন এক মাইলফলক উন্মোচিত হলো। ১৯ তলা বিশিষ্ট ২২৫ ফুট উচ্চতার এই টাওয়ার উদ্বোধন উপলক্ষে চরফ্যাশন উৎসবের শহরে পরিণত হয়েছে।
এর আগে ফ্যাশন স্কয়ারে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। এছাড়াও অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রি কলেজ, নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ ও রসুলপুর-এওয়াজপুর মৈত্রী সেতুর উদ্বোধন করেন তিনি। বিকেলে টিবি স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে রাষ্ট্রপতির।

তার সফর সঙ্গী হিসেবে রয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকতারা।
জানা গেছে, ২২৫ ফুট উচ্চতার জ্যাকব টাওয়ারে উঠে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে আশপাশের নদী-সাগর-চরাঞ্চল-ম্যানগ্রোভ বন, আর লোকালয়ের নৈসর্গিক দৃশ্য দেখার সুযোগ পাওয়া যাবে। এখান থেকে পর্যটকরা ভোলা ও বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা, চর কুকরি-মুকরি, ঢালচর, তারুয়া সৈকত, বঙ্গোপসাগর, পটুয়াখালী জেলার বেশকিছু এলাকা স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবেন।
১৬তলা বিশিষ্ট এই টাওয়ারের প্রতিটি তলায় একইসঙ্গে ৫০ জন এবং গোটা টাওয়ারে একসঙ্গে ৫০০ দর্শক অবস্থান করতে পারবেন। টাওয়ারে পর্যটকদের ওঠানামার জন্য আধুনিক স্বচ্ছ গ্লাসের ক্যাপসুল লিফটের ব্যবস্থা রয়েছে।
পরিবেশ ও পর্যটকবান্ধব জ্যাকব টাওয়ার মূলত পর্যটকদের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের জন্য নির্মিত হয়েছে। টাওয়ারের আশপাশে ভূ-দৃশ্যায়নকে দৃষ্টিনন্দন করতে ল্যান্ডস্কেপিং প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিকভাবে আধুনিকায়ন করা হয়েছে।
দৃষ্টিনন্দন এই ওয়াচ টাওয়ার সম্পর্কে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, এই ওয়াচ টাওয়ারটি দক্ষিণ-পূর্ব এশিয়ার আকর্ষণীয় ও সর্বাধুনিক সুউচ্চ একটি টাওয়ার হবে। এটি উদ্বোধনের মধ্য দিয়ে পর্যটকদের জন্য বাংলাদেশের মানচিত্রে নতুন স্থান করে নেবে। ভোলা জেলাকেও বহিঃবিশ্বে আলাদা পরিচিতি এনে দেবে।’ তিনি বলেন, ‘টাওয়ারটিকে কেন্দ্র করে বাংলাদেশে পর্যটন শিল্পে আরেক ধাপ এগিয়ে যাবে।
চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ বলেন, জ্যাকব টাওয়ারে পর্যটকরা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ১৬ তলায় দর্শকরা শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে চতুর্দিকের ভূদৃশ্য স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবেন।
চরফ্যাশন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হাসান জানান, টাওয়ারের সার্বিক তত্ত্ববধানে রয়েছে চরফ্যাশন পৌরসভা। পর্যটকদের জন্য পৌর কর্তৃপক্ষ জনপ্রতি ১০০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করেছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |