Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১০:০২ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » কন্যা সন্তানের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শটগান চেয়ে বাবার আবেদন ভাইরাল
২৫ May ২০২৬ Monday ৮:৩৭:৪৫ PM
Print this E-mail this

কন্যা সন্তানের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শটগান চেয়ে বাবার আবেদন ভাইরাল


বরগুনা প্রতিনিধি:

“সন্তান আমার, রাষ্ট্রের নয়” এমন হৃদয়স্পর্শী বাক্য লিখে চার বছরের কন্যা সন্তানের নিরাপত্তার স্বার্থে বৈধভাবে একটি শটগান বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা একটি আবেদনের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আবেদনটি করেছেন বরগুনার আমতলী উপজেলার এক বাবা। তাঁর আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও মানবিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া আবেদনটির আবেদনকারী মাসুদুল ইসলাম বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা। গত ২১ মে (বৃহস্পতিবার) স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো তাঁর আবেদনে দেশে শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আবেদনে তিনি উল্লেখ করেন, কয়েক বছর ধরে শিশুদের প্রতি বর্বরতার চিত্র ও তা নিয়ে রাষ্ট্রের উদাসীনতা দেখে তিনি তাঁর সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্বাভাবিক জীবন পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। তিনি আরও লেখেন, “বিভিন্ন ঘটনার বিশ্লেষণে দেখলাম সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চেয়ে মহামান্যদের উপভোগ্য ক্ষমতার মহামূল্যবান সময় নষ্ট করে নিজেকে কলুষিত করবো না।”

মাসুদুল ইসলামের ভাষ্য, তিনি কোনো অবৈধ অস্ত্র নয়, বরং আইনানুগ প্রক্রিয়ায় একটি শটগান নিজের নামে বরাদ্দ চান, যাতে প্রয়োজনে নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

তবে এ ব্যাপারে বিভিন্ন মাধ্যমে আবেদকারীর সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়দের অনেকে বলছেন, এটি কেবল একটি অস্ত্রের আবেদন নয়, বরং একজন অসহায় বাবার ভেতরের ভয়, হতাশা ও রাষ্ট্রের প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনপত্রটি ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে বর্তমান সামাজিক বাস্তবতার প্রতীক হিসেবেও উল্লেখ করছেন।

বরগুনা সদরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোতোষ রায় বলেন, “একজন বাবা যখন নিজের সন্তানের নিরাপত্তা নিয়ে এতটা আতঙ্কিত হয়ে অস্ত্র চেয়ে আবেদন করেন, তখন বুঝতে হবে সমাজে ভয় কতটা বেড়েছে। বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

মানবাধিকারকর্মী আরিফুর রহমান বলেন, “এ ধরনের আবেদন সমাজের অসুস্থ পরিস্থিতির একটি প্রতিফলন। মানুষ এখন বিচার ও নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে। এটি রাষ্ট্রের জন্যও একটি সতর্কবার্তা।”

পাথরঘাটার সংবাদকর্মী ও সমাজ বিশ্লেষক শফিকুল ইসলাম খোকন বলছেন, দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। একজন বাবার এই আবেদন সেই উদ্বেগেরই আবেগঘন ও ব্যতিক্রমী প্রকাশ, যা নতুন করে জননিরাপত্তা ও শিশু সুরক্ষার প্রশ্ন সামনে নিয়ে এসেছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com