বরিশাল-ঢাকা আকাশ পথে সপ্তাহে ৬ দিনেই উড়োজাহাজ অনলাইন ডেস্ক
ঢাকা-বরিশাল আকশ পথে বাড়তে শুরু করেছে যাত্রীর সংখ্যা। তাই ফ্লাইটের সংখ্যাও বাড়াচ্ছে বিমান সংস্থাগুলো।
বরিশাল বিমানবন্দর সূত্রে জানাগেছে, গ্রীষ্মকালীন শিডিউল অনুযায়ী আগামী ২৫ মার্চ থেকে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা সপ্তাহে চারদিন ও বিমান বাংলাদেশ তিনদিন ফ্লাইট চালাবে। ফলে শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য ছয় দিনই বরিশাল-ঢাকা রুটে বিমানে যাতায়তে করতে পারবেন এ রুটের যাত্রীরা।
বিমান বন্দরের এক কর্মকর্তা জানান, সিডিউল অনুযায়ী ইউএস বাংলা সপ্তাহে শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে।
অন্য দিকে, বিমান বাংলাদেশ রবিবার বেলা ১১টা ২৫ মিনিটে, মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে এবং বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তাদের ফ্লাইট চালাবে। নতুন সিডিউলে বাংলাদেশ বিমানের সর্বনিম্ন একমুখী ভাড়া ২৭০০ টাকা। ইউএস বাংলা’র সর্বনিম্ন ভাড়া ৩৬০০ টাকা।
বিমান বাংলাদেশের বরিশাল ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা জানান, এ রুটটি লাভজনক হয়ে উঠছে।
তিনি বলেন, সন্ধ্যার পর ফ্লাইটের চাহিদা থাকলেও রানওয়েতে লাইটের ব্যবস্থা না থাকায় ফ্লাইট চালানো সম্ভব হচ্ছে না।
ইউএস বাংলার বরিশাল স্টেশন ম্যানেজার সাইফুর রহমান জানান, যাত্রী বেড়ে যাওয়ায় ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আমরা প্রতিদিন ফ্লাইট পরিচালনার চেস্টা করছি।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |