Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৭:২৫ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় তালাক দিয়েও জানানো হয়নি স্ত্রীকে, সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা
১২ August ২০২৬ Wednesday ৬:৪৪:২০ PM
Print this E-mail this

বরগুনায় তালাক দিয়েও জানানো হয়নি স্ত্রীকে, সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা


বরগুনা প্রতিনিধি:

তালাক দেওয়ার বিষয়টি গোপন রেখে একাধিকবার শারীরিক সম্পর্ক করার অভিযোগে বরগুনায় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। ওই মামলায় তার বাবা-মাকেও আসামি করা হয়েছে।বাদীর অভিযোগ, তালাকের বিষয়টি জানতেন আসামির বাবা-মাও। তারা বিষয়টি গোপন রেখে ছেলেকে সহযোগিতা করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ভুক্তভোগী নারী। মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন– বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের মো. ইউসুফ হাওলাদারের ছেলে মো. খলিলুর রহমান (৩৫), তার বাবা মো. ইউসুফ হাওলাদার ও মা মোসা. ভানু বেগম (৪৮)।

মামলার এজাহার ও বাদীর বক্তব্য অনুযায়ী, ২০২০ সালের ১৪ এপ্রিল খলিলুর রহমানের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে খলিলুর রহমান তাকে বিভিন্ন সময় মারধর করতেন। তাই নির্যাতনের অভিযোগে তিনি গত ২৯ জানুয়ারি বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত মামলাটি বিচারের জন্য বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান।

বাদীর ভাষ্য, চলতি বছরের ১৩ জুলাই ওই আদালতে হাজির হয়ে খলিলুর রহমান একটি তালাকনামা দাখিল করেন। ওই তালাকনামায় দেখা যায়, তাকে ১৬ জানুয়ারি তালাক দেওয়া হয়েছে। তবে তালাকের বিষয়টি তাকে আগে জানানো হয়নি।

বাদীর দাবি, তালাকের তারিখের পরও তিনি ২৪ জানুয়ারি পর্যন্ত স্বামীর বাড়িতেই ছিলেন। এসময় তার কাছে তালাকের কোনো তথ্য ছিল না।

মামলার অভিযোগে ওই নারী বলেন, ১৬ জানুয়ারি তালাক দেওয়ার পরও খলিলুর রহমান বিষয়টি তার কাছে গোপন রাখেন। তিনি স্বামী হিসেবে খলিলুর রহমানকে বিশ্বাস করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে খলিলুর রহমান একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।

বাদীর অভিযোগ, খলিলুর রহমান জানতেন যে তাদের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটেছে। তারপরও বিষয়টি গোপন করে তাকে স্ত্রী হিসেবে বিশ্বাস করিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

তিনি আরও অভিযোগ করেন, ১৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত নয় দিন তিনি ওই বাড়িতে অবস্থান করেন। এসময় খলিলুর রহমানের বাবা-মাও সেখানে ছিলেন। তারা তালাকের বিষয়টি জানতেন এবং তা গোপন রেখে খলিলুর রহমানকে সহযোগিতা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. খলিলুর রহমানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

বরগুনার বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু বলেন, তালাক দেওয়ার আইনগত অধিকার স্বামীর রয়েছে। তবে তালাক দেওয়ার পর তা গোপন রেখে সাবেক স্ত্রীকে স্ত্রীর পরিচয়ে রেখে শারীরিক সম্পর্ক করার অভিযোগ গুরুতর। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত বিষয় বেরিয়ে আসবে।

মামলাটি এখন পিবিআইয়ের তদন্তাধীন। আদালতের নির্দেশ অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com