Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে ভাইরাল ভিডিও: বদলে দিল অনিকের পরিবারের জীবনচাকরি চান অনিক, সন্তানদের নিয়ে নতুন স্বপ্ন
২৭ September ২০২৬ Sunday ৯:৪৪:০০ PM
উজিরপুরে ভাইরাল ভিডিও: বদলে দিল অনিকের পরিবারের জীবনচাকরি চান অনিক, সন্তানদের নিয়ে নতুন স্বপ্ন
নাজমুল হক মুন্না, উজিরপুর ::
দু’দিন আগেও যাকে চোর বা মাদকসেবী বলে গালমন্দ করা হতো, সেই অনিক সরদারের বাড়িতে এখন ভিড় করছেন শত শত মানুষ। কেউ আসছেন সহানুভূতি জানাতে, কেউ দিচ্ছেন আর্থিক সহায়তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও বদলে দিয়েছে বরিশালের উজিরপুরের বামরাইল এলাকার অনিক সরদারের পরিবারের চিত্র। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে অনিকের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। এ সময় তিনি পরিবারটিকে সরকারি সহায়তার আশ্বাস দেন। অনিক সরদার বলেন, তিনি অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে একটি কর্মসংস্থানের সুযোগ চান। অশ্রুসজল চোখে তিনি বলেন, ‘কেউ আমাকে আয়-রোজগারের একটি পথ করে দিলে আমি নিজেকে পরিবর্তন করব।’ অনিকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এইচএসসি পাস। তাদের দুই সন্তান—তুবা বিনতে (৯) ও তুরিন ইসলাম তুনা (৩)। স্বামীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে সন্তানদের মানুষ করতে একটি কর্মসংস্থানের দাবি জানিয়েছেন তিনি। ইউএনও মো. আলী সুজা বলেন, ‘বাবার জন্য মেয়ের ভালোবাসা সারা পৃথিবীর মানুষ দেখেছে। অনিক সরদার আলোর পথে ফিরলে সরকারি সহায়তার মাধ্যমে ওই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।’ উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর ভোররাতে বামরাইল এলাকায় চুরির চেষ্টা করার অভিযোগে স্থানীয় জনতা অনিক সরদারকে বেঁধে মারধর করেন। পরদিন তার মেয়ে তুবা বাবার হাত-পা বাঁধা অবস্থায় মুখে খাবার তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনিকের পরিবারের পাশে দাঁড়াতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসেন। এখন একটি কর্মসংস্থানের মাধ্যমে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছে পরিবারটি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক