বরিশালে ছাত্রলীগ ক্যাডারদের সশস্ত্র মহড়া
বরিশাল :: বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে বিসিসি মেয়র শওকত হোসেন হিরন সমর্থিত ছাত্রলীগের সশস্ত্র মহড়া দেয়ার খবর পাওয়া গেছে। রাতে মেয়র হিরন সমর্থিত ক্যাডার মঈন তুষার ও নাহিদ সেনিয়াবাত কর্তৃক জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাজী মুনীর উদ্দীন তারিককে মারধরের পর এ মহড়া শুরু হয়।
একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএম কলেজ ক্যাম্পাস, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, আমতলার মোড়সহ নগরীর গুরুত্বপূর্ন স্থানে ছাত্রলীগের হিরনপন্থী সমর্থকরা অনেকটা যুদ্ধাংদেহী অবস্থায় অবস্থান নিয়েছে। বিশেষ করে বিএম কলেজে ক্যাম্পাসে টানটান উত্তেজনা চলছে।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, ছাত্রনেতা তারিককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের মাঝে উত্তেজনা চলছে। বিএম কলেজসহ কয়েকটি স্থানে মটরসাইকেলে মহড়া দেয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তিনি আরো জানান, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোন অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল দিচ্ছে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে নগরীর ফকির বাড়ি রোডে জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাজী মুনীর উদ্দীন তারিককে একা পেয়ে বেদম মারধর করেছে ছাত্রলীগ নামধারী ক্যাডার মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাত নেতৃত্বে বাকেরগঞ্জ ছাত্রলীগের বিদ্রোহী একটি গ্রুপ। মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাত বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও কট্টর হিরনপন্থী হিসেবে পরিচিত।
হামলার শিকার কাজী মুনীর উদ্দীন তারিক আমাদের বরিশাল ডটকমকে জানিয়েছেন, ক্যাডার তুষার ও নাহিদের নেতৃত্বে বাকেরগঞ্জ ছাত্রলীগের উশৃঙ্খলরা তার উপর হামলা চালিয়েছে।
অভিযুক্ত নাহিদ সেরনিয়াবাত জানিয়েছেন, তারা তারিকের উপর হামলার সঙ্গে জড়িত নয়। তবে বাকেরগঞ্জ ছাত্রলীগের ত্যাগী নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে মঈন তুষার সশস্ত্র মহড়া দেয়ার কথা অস্বীকার করে বলেন, তারা কোন মহড়া দিচ্ছেন না।
প্রসঙ্গত সোমবার রাতের এক সিদ্ধান্তে সাইফুল ইসলাম ডাকুয়াকে সভাপতি, সৈয়দ রিপনকে সাধারন সম্পাদক করে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। এ কমিটির পাল্টা হিসাবে বিদ্রোহী গ্রুপ এসএম আতিক কে সভাপতি ও এইচএম সাইফুর রহমান শাহানকে সাধারন সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মুনীর উদ্দীন তারিককে মারধর করা হয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |