Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪
১১ February ২০২৬ Wednesday ৮:২৭:০১ PM
পাথরঘাটায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪
পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কামারের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কাঁঠালতলি ইউনিয়নের কালীপুর এলাকার সুলতান আকনের ছেলে ও বিএনপি নেতা টিপু (৩৬), সফিজ উদ্দিনের ছেলে ও জামায়াতের রোকন মোস্তাফিজুর রহমান (৪০), আবুল কাশেমের ছেলে ও জামায়াত কর্মী জসিম উদ্দিন (৪০) এবং জামায়াত নেতা জালাল হোসেন (৬০)।
জামায়াতের আহত ব্যক্তিদের অভিযোগ, বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির ভাতিজা সোলায়মান সাদিকের নেতৃত্বে একদল লোক একই আসনের জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের কর্মীদের ওপর হামলা চালান। এতে জসিম উদ্দিন গুরুতর আহত হলে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বিএনপি নেতা টিপুর পরিবারের অভিযোগ, জামায়াত-শিবিরের নেতা-কর্মী বাশার মোল্লা, নজরুল, তুষার, নোমানসহ কয়েকজন টিপুর বাড়িতে গিয়ে হামলা চালান। এতে টিপুর পা ভেঙে গেছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ‘নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মারামারির ঘটনা ঘটছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)