বাবার সঙ্গে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে বাকপ্রতিবন্ধী বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিশুটির শরীরের পেছনে ঘাড়, পিঠ ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় নেওয়া হয়েছে। নিহত সিয়াম ও তার পরিবার দীর্ঘ ১৬ বছর ধরে রাজবাড়ী এলাকার একটি আবাসন প্রকল্পে বসবাস করে আসছেন।
নিহত শিশুর মা নুপুর বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সিয়ামকে সঙ্গে নিয়ে তার স্বামী আরিফ রাঢ়ী রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করেও স্বামী সন্তান বাড়িতে না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লঞ্চঘাটে স্বামীকে দেখতে পেয়ে ছেলের কথা জানতে চান। তবে স্বামী কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান এবং আর বাড়িতে ফেরেননি। পরে ১৩ নভেম্বর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে নদীতে ছেলের লাশ ভাসতে থাকার খবর পান।
নুপুর বেগম আরও জানান, ছেলের শরীরের পেছনে ঘাড় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে শুনেছেন। তবে কে বা কারা তার ছেলেকে আঘাত করেছে, তা তিনি জানেন না।
রাজবাড়ী লঞ্চঘাট থেকে সেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি উজ্জ্বল বলেন, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে লাশটি সিয়ামের বলে শনাক্ত করেন। লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরের কয়েকটি স্থানে কোপের মতো দাগ দেখা গেছে বলেও জানান তিনি।
রাজবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তারউজ্জামান বলেন, সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। শনিবার নদীতে তার লাশ পাওয়া গেছে। শিশুটির শরীরের পেছনে ঘাড়, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরের পেছনে ঘাড়, পিঠ ও মাথায় জখমের চিহ্ন দেখা গেছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত ১২ নভেম্বর সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। শনিবার সকালে সন্ধ্যা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢ়ীকে থানায় আনা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি