Home » পাথরঘাটা » বরগুনা » বরগুনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ
২৬ February ২০২৬ Thursday ৯:২২:২০ PM
বরগুনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ
বরগুনার পাথরঘাটায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধার বিরুদ্ধে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৬নং ওয়ার্ডের তালতলা বাসস্ট্যান্ডের একটি ভাঙ্গারি দোকান থেকে ইঞ্জিনটি জব্দ করা হয়। সেখানে সাড়ে ৪ লাখ টাকার ইঞ্জিন ১১ হাজার টাকায় বিক্রি করা হয়।
অভিযুক্ত জসীম উদ্দীন মৃধা চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের সালাম মৃধার ছেলে এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
ইঞ্জিনের মালিক আলমগীর খলিফা জানান, বেশ কিছুদিন আগে তিনি তার ট্রলারের জন্য দুটি ইঞ্জিন কেনেন। একটি মাছধরার ট্রলারে বসিয়েছেন এবং অন্যটি ছোট হওয়ায় রেখে দিয়েছেন। বুধবার সকালে তার এক কর্মচারী ফোন দিয়ে বলেন, ইঞ্জিনটি পাওয়া যাচ্ছে না। এ খবরের পরে উপজেলার বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েছেন। পরে তালতলা বাসস্ট্যান্ড এলাকার ভাঙ্গারি দোকানে এসে ইঞ্জিনটি দেখে শনাক্ত করেন। সেখান থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পান জসীম ইঞ্জিনটি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছেন।
তিনি আরও জানান, যে ইঞ্জিনটি সাড়ে ৪ লাখ টাকায় কিনেছেন ওই ইঞ্জিন ভাঙ্গারি দোকানে ১১ হাজার টাকায় বিক্রি করেছেন জসীমরা। মঙ্গলবার রাতের কোনো একসময় উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট বাজার থেকে জসীমউদ্দীন ও তার সহযোগীরা এ ইঞ্জিনটি চুরি করে নিয়ে আসে।
অভিযুক্ত জসীম উদ্দীন মৃধা বলেন, আমার এলাকার ছোট ভাইয়েরা একটি ইঞ্জিন নিয়ে বাজারে বিক্রি করেছে। তারা ছোট হওয়ায় তাদের কাছ থেকে মেশিন কিনতে চাচ্ছিলো না। পরে আমি বিক্রি করে দিয়েছি। ওই মেশিন একটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আমার বিরুদ্ধে যে চুরির কথা বলেছে, তা সঠিক নয়। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ এ কাজ করছে।
পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহেদ চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ভুক্তভোগীকে মামলা দেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)